জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৩ অক্টোবর: করোনা পরিস্থিতিতেও জঙ্গলমহলে নজরকাড়া ভিড় হল বিজেপির জনসভায়। মঙ্গলবার দুপুরে ঝাড়গ্রাম জেলার শিলদা হাইস্কুল সংলগ্ন ময়দানে জেলা বিজেপির পক্ষ থেকে একটি যোগদান সভার আয়োজন করা হয়েছিল। কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায় জনসভায় উপস্থিত ছিলেন। তারা কেন্দ্রীয় সরকারের কৃষি নীতি এবং বিভিন্ন প্রকল্প, এ রাজ্যে যেভাবে আটকে রেখে বিরোধিতা করা হচ্ছে তার তীব্র সমালোচনা করেন। সমালোচনা করেন এ রাজ্যে গরিব মানুষদের বাড়ি তৈরি প্রকল্পে তাদের কাছ থেকে কাটমানি নেওয়ার। গত পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনে জঙ্গলমহলের মানুষ যেভাবে বিজেপি দলের পাশে থেকেছেন আগামী বিধানসভা নির্বাচনেও সেভাবে সমর্থন করার আবেদন জানান কৈলাস বিজয়বর্গীয় এবং মুকুল রায়।

এদিনের সভায় ঝাড়গ্রাম ও বিনপুর বিধানসভা এলাকার তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি, যুব সভাপতি, পঞ্চায়েত সদস্য সহ প্রায় কুড়িজন নেতা ছয়শো জন কর্মী-সমর্থক নিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। এছাড়াও আদিবাসী সমাজ সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহলের নেতা পালহান হাঁসদা, জামবনির ঝাড়খন্ড পার্টির নেতা বালক সরেন গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন। তাঁদের হাতে বিজেপির পতাকা তুলে দেন কৈলাস বিজয়বর্গীয় এবং মুকুল রায়। এদিনের সভায় দলের অন্যান্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় মাহাতো, ঝাড়গ্রামের সাংসদ কুণার হেমরম, দলের রাজ্য সহ-সভাপতি ভারতী ঘোষ ও জেলা সভাপতি সুখময় সৎপথি।

