ফসলের অবশিষ্টাংশ পোড়ানো প্রতিরোধী দিবস পালিত পুরুলিয়ার নেতুড়িয়ায়

সাথী দাস, পুরুলিয়া, ৩ অক্টোবর: রাজ্যের পরিবেশ দফতরের বিজ্ঞপ্তি অনুসারে যথেচ্ছভাবে ধানখেতের অবশিষ্টাংশ খড় ও নাড়া পোড়ানো আইনত নিষিদ্ধ করা হয়েছে। এই আইন কার্যকর করতে উদ্যোগী হল নেতুরিয়া ব্লক কৃষি বিভাগ। পশ্চিমবঙ্গের সমস্ত ব্লকের সাথে সাথে পুরুলিয়ার নেতুড়িয়া ব্লকে আজ ফসলের অবশিষ্টাংশ পোড়ানো প্রতিরোধী দিবস পালিত হয়।

নেতুড়িয়া ব্লকের সহ-কৃষি অধিকর্তা পরিমল বর্মন বলেন, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম এবং সমগ্র জীবজগতের কথা ভেবে দূষণমুক্ত পরিবেশ বজায় রাখতে আমাদের সকলের মিলিত উদ্যোগে খড় ও নাড়া পোড়ানো বন্ধ রাখতে হবে। না পুড়িয়ে পরিবেশ বান্ধব উপায়ে লাভজনকভাবে ব্যবহার করার আহ্বান জানাচ্ছি। আজকের এই দিবসে উপস্থিত ব্লকের ৪০ জন প্রগতিশীল কৃষক বন্ধু এর ক্ষতিকারক দিকগুলো উপলব্ধি করেছেন।

বাঘমারার কৃষক বিনয় সরেন, চাকলতাবাড়ির কৃষক আশীষ মন্ডল, বাবুসিং সরেন, লক্ষ্মণপুরের আয়েন বাউরি, গোবাগের নিত্যলাল মন্ডল, রঞ্জিত বাউরি, হাসাপাথর গ্রামের প্রতিমা টুডু, রাজু সিংরা বলেন, আজকের এই আলোচনা সভা থেকে জানলাম ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর ক্ষতিকারক দিক। আমরা নিজেরা তো করবোই না, অন্যদেরও বলবো এর থেকে বিরত থাকতে। আজকের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নেতুড়িয়া ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অজয় কুমার সামন্ত ও নেতুড়িয়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অমর চন্দ্র মাজি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *