সিইএসসিকে সুবিধা পাইয়ে দিতে বিদ্যুৎ বিলের বিরোধিতায় ‘কুমিরের কান্না’, মমতাকে কটাক্ষ শুভেন্দুর

রাজেন রায়, কলকাতা, ৮ আগস্ট: আগের বছরে বিদ্যুৎ সংশোধনী বিল পাস করানোর চেষ্টা করা হলেও তা থমকে যায়। তাই এবার বাদল অধিবেশনেই সংসদে বিদ্যুৎ সংশোধনী বিল পেশ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু গত বছরের মতো এবারও সংশোধিত বিদ্যুৎ বিলের বিরোধিতা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়‌। যদিও সিইএসসিকে একচেটিয়া সুবিধা পাইয়ে দিতে এটা মমতা ব্যানার্জির কুমিরের কান্না, টুইটের মাধ্যমে এমনই কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী দুটি টুইট করেছেন। বিদ্যুৎ বিল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতাকে কটাক্ষ করে টুইটে শুভেন্দু লেখেন, “বিদ্যুৎ সংশোধনী বিল নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরোধিতা আসলে কুমিরের কান্না।” নাম না করে তিনি কটাক্ষ করেছেন, সিএসসি-কে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই মুখ্যমন্ত্রীর বিরোধিতা। কলকাতার একটি বেসরকারি সংস্থা, যারা সবচেয়ে বেশি বিদ্যুতের বিল নেয়, তাঁদের রক্ষা করার কৌশল।” এই টুইটের মধ্যেই স্পষ্ট, শুভেন্দুর নিশানা কোন দিকে।

বাদল অধিবেশনেই সংসদে বিদ্যুৎ সংশোধনী বিল পেশের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চিঠিতে তিনি মোদীর কাছে আবেদন জানিয়েছেন, এই বিল আনার আগে যেন রাজ্যগুলির সঙ্গে শলা-পরামর্শ করে কেন্দ্র। এতে রাজ্যগুলির অধিকারকে নস্যাৎ করা হচ্ছে বলে তিনি দাবি করেছেন। মমতার স্পষ্ট দাবি, রাজ্যের সঙ্গে না কথা বলে এই বিল আনার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। বিল সংশোধনীর মাধ্যমে কেন্দ্রের তরফ থেকে খোলা বাজারের নীতি মেনে বেসরকারি ক্ষেত্রকে চরম মুনাফা করার সুযোগ করে দেওয়া হচ্ছে, বলে দাবি করেছেন মমতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *