ইংরেজিতে বক্তৃতা দেওয়ার যুক্তি দেখাতে গিয়ে সমালোচিত সৃজিত

আমাদের ভারত, ৫ জুলাই: কলকাতায় একটি অনুষ্ঠানে বাংলার বদলে ইংরেজিতে বক্তৃতা দেওয়ার যুক্তি দেখাতে গিয়ে সমালোচিত হলেন পরিচালক সৃজিত মুখার্জি।

‘জনস্বার্থে পুনঃপ্রচারিত’ শিরোনামে তিনি লিখেছেন,
“একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, যেখানে সঞ্চালনা ইংরেজি এবং বাংলা দুই ভাষাতেই হচ্ছিল, সেখানে আমার ইংরেজিতে কথা বলা নিয়ে কিছু মানুষ আপত্তি জানিয়েছেন দেখলাম। তাঁদের জ্ঞাতার্থে বলি যে, যে অনুষ্ঠানের প্রধান অতিথি অবাঙালি, যেখানে তিনি মুখের সামনে বসে আছেন আর যেখানে কোনও অনুবাদক বা অনুবাদ যন্ত্র নেই, সেখানে আমি ইংরেজিতে কথা বলা ভদ্রতা বলে মনে করি। যাঁরা এই ব্যপারে দ্বিমত পোষণ করেন, করতেই পারেন, এই ব্যাপারে আমি অপারগ। আমার মাতৃভাষার প্রতি প্রেম এবং সাধারণ সহবত, এর মধ্যে স্ট্যাটিস্টিক্সের ভাষায় ‘Spurious correlation’ আছে বলে আমার বদ্ধমূল বিশ্বাস:)

বেলা সাড়ে ৩টে পর্যন্ত লাইক, মন্তব্য ও শেয়ার এসেছে যথাক্রমে ৩ হাজার, ৯৬৮ ও ১২৭। সুচন্দ্রা দাস লিখেছেন, “যুক্তিটা দুর্বলের থেকেও দুর্বলতর”। ১৬৬ জন এই মন্তব্যকে সরাসরি পছন্দের সায় দিয়েছেন।
দেবার্ঘ চ্যাটার্জি লিখেছেন, “এই ভদ্রলোক একটু নিজেকে বেশি বোদ্ধা ভাবেন।”

দেবলীনা তিতলি লিখেছেন, “গ্লোবালি না ঘন্টা। চীন, জাপান, কোরিয়া, জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন, ব্রাজিলে গিয়ে ইংরেজি বলুন, তারপর দেখুন কত বোঝে ওরা। ওদের কাছে বাংলাও যা ইংরেজিও তাই। তাই ইশারাতেও কাজ চলে যাবে কিন্তু ইংরেজি বলে তেমন লাভ নেই!”

শিবানী চক্রবর্তী লিখেছেন, “আপনি অবাঙালির মান রাখতে ইংরেজিতে বললেন, অথচ যে ভাষা ব্যাবহার করে যে মানুষদের মাঝে সিনেমা বানালেন, পেটের ভাত পেলেন সেই ভাষাকেই অপমান করলেন। চ্যানেল মনেহয় আপনাকে একমাত্র দায়িত্ব দিয়েছিল। প্রধান অতিথি সঞ্চালনা বুঝতে পারলেন অথচ আপনার বক্তব্য বুঝবেন না। এই সব অর্ধশিক্ষিত-র মত যুক্তি আপনার কাছে থেকে মানায় না”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *