আমাদের ভারত, ১৩ জুলাই: মা কালী প্রসঙ্গে বিতর্ক তুঙ্গে উঠেছে, তাই নজর ঘোরানোর জন্যেই অশোক স্তম্ভের সমালোচনা করা হচ্ছে। এমনটাই মন্তব্য করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। গুরু পূর্ণিমার দিন আদ্যাপীঠ মন্দিরের পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন বালুরঘাটের সাংসদ। তিনি বলেন মা কালী বিতর্কে তাদের বিরোধিতা আরো জোরদার হবে। সমাজের সব স্তরের মানুষ মাকালী সম্পর্কে কটূ কথা বলার বিরোধিতা করছেন।
সুকান্ত মজুমদার বলেন, আসলে
বিরোধীদের কাছে কোনো ইস্যু নেই। তাই মাকালী বিতর্ক থেকে নজর ঘোরাতেই অশোক স্তম্ভ বিতর্ক তৈরি করা হয়েছে। মাকালীকে নিয়ে কু-মন্তব্য করা হয়েছিল এবং সমাজের সর্বস্তর থেকে তার বিরোধিতা করা হচ্ছে। সাধু সন্ন্যাসীরা আমাদের রাজ্যপালের সঙ্গে কথা বলেছেন এবং মা-কালী সম্পর্কে বিরূপ মন্তব্য করার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। সুকান্ত মজুমদার বলেন, রাজনৈতিক বিরোধিতার ঊর্ধ্বে উঠে সমাজের সর্বস্তরের মানুষ মা কালীর সম্পর্কে করা মন্তব্যের বিরোধিতা করছেন।

একই সঙ্গে অশোকস্তম্ভ নিয়ে তৈরি হওয়া বিতর্কের প্রসঙ্গে তিনি বলেন, “এরকম কখনো হতে পারে না যে সিংহ কেবল ঘাস পাতা খাবে। সিংহ তো মাংস খায়। তাই তার দাঁত বড়ই হবে। আর সেই আদলেই মূর্তি তৈরি করা হয়েছে। সিংহ তেজিই হবে। এটা দেশের জন্য গর্বের মুহূর্ত। অশোক স্তম্ভ নিয়ে যেসব কথাবার্তা বলা হচ্ছে, তা আসলে মা কালী প্রসঙ্গ নিয়ে তৈরি হওয়া বিতর্ককে ঢাকার জন্যই করা হচ্ছে।”

