উপাচার্য নিয়োগ নিয়ে এবিভিপি-র তোপ

আমাদের ভারত, ২৯ এপ্রিল: কলকাতা, যাদবপুর সহ ২৪টি বিশ্ববিদ্যালয়ে নিয়ম ভেঙে যেভাবে উপাচার্য নিয়োগ হয়েছে, তাতে বাংলার শিক্ষাব্যবস্থা সার্কাসে পরিণত হয়েছে বলে অভিযোগ করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)।

শুক্রবার সংগঠনের দক্ষিণবঙ্গ প্রান্ত রাজ্য সম্পাদক সঙ্গীত ভট্টাচার্য এ কথা জানিয়ে এক বিবৃতিতে লেখেন, “পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনীতির আখড়ায় পরিণত করার অনেক উদাহরণ বর্তমান রাজ্য সরকার আমাদের কাছে তুলে ধরেছে। তার মধ্যে অন্য আর একটি জঘন্যতম হল উপাচার্যের মতো একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি।

কলকাতা, যাদবপুর, প্রেসিডেন্সি, রবীন্দ্রভারতী-সহ রাজ্যের ২৪টি বিশ্ববিদ্যালয়ে নিয়ম বহির্ভূতভাবে যেভাবে উপাচার্য নিয়োগ করা হয়েছে তা শিক্ষাব্যবস্থাকে রাজনীতিকরণ করার চূড়ান্ততম উদাহরণ। গত ডিসেম্বর মাসে মহামহিম রাজ্যপাল জগদীপ ধনখড় মহাশয়ও বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ তুলেছিলেন। মহামহিম রাজ্যপালের দেওয়া তালিকায় গৌড়বঙ্গ , আলিপুরদুয়ার এবং বর্ধমানের মতো বিশ্ববিদ্যালয়ের নামও ছিল।

ইউ.জি.সি (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) নির্ধারিত নিয়মের তোয়াক্কা না করে ২৪টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের বিরুদ্ধে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তীব্র বিরোধিতা ও ধিক্কার জানায়। এই নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে যে জনস্বার্থ মামলা চলছে তাতে মহামান্য আদালত সঠিক তদন্ত ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া ফিরিয়ে আনবে এবং ইউ.জি.সি নিয়ম মাফিক নিয়োগের পক্ষে রায় দেবে বলে আমরা আশা করি। সেইসাথে নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে যে দুর্নীতি বারবার সামনে আসছে তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে একত্রিতভাবে সোচ্চার হতে অনুরোধ করা হচ্ছে।“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *