সাথী দাস, পুরুলিয়া, ১২ মার্চ: পুরুলিয়ায় পানীয় জলের সঙ্কট প্রধান সমস্যা। প্রায় সারা বছরই জল সঙ্কট লেগেই থাকে পুরুলিয়ায়। নির্বাচনেও জেলায় প্রধান এই ইস্যুকে সামনে রেখেই হয় নির্বাচনী লড়াই। তবে ইতিমধ্যেই পানীয় জলের হাহাকার পড়ে গিয়েছে পুরুলিয়া শহরজুড়ে। ভরা বসন্তেই পানীয় জলের সঙ্কট দেখা দেওয়ায় চরম সমস্যায় পড়েছেন পুরুলিয়া শহরবাসী। নির্বাচনের মুখে পুরুলিয়া শহরে জল সঙ্কট দেখা দেওয়ায় ক্ষোভ জমেছে মানুষের মধ্যে। উন্নয়ন তো দূরে থাক, শুধু জলের সমস্যা মেটানোর দাবি জানিয়েছেন শহরবাসী।
পুরুলিয়া পুরসভা এবং এমইডি (মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট)-এর যৌথ উদ্যোগে নলবাহিত জল সরবরাহ করা হয়। গত ১০ দিন ধরে জল সরবরাহ অনিয়মিত হয়ে পড়ে পুরুলিয়া শহরে। শহরবাসী জল পান এক বালতি করে। বাড়তি জল ক্রয় করেই খেতে হয় অথবা অন্য জায়গা থেকে আনতে হয় শহরবাসীকে। এতেই ক্ষোভ জমেছে মানুষের মনে।
ভোটের আগে সমস্যা সমাধানের জন্য আজ তড়িঘড়ি পুরুলিয়া পুরসভার আধিকারিকরা পুরুলিয়া ২ ব্লকের অন্তর্গত কংসবতী নদী ঘাটের তেলিডি জল সরবরাহ কেন্দ্র খতিয়ে দেখতে যান। গোটা বিষয়টি খতিয়ে দেখেন তাঁরা। কথা বলেন, মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সঙ্গেও।
নদীগর্ভে অত্যাধিক বালি তোলা এবং তার ফলে জলস্তর নীচে নেমে যাওয়ায় পানীয় জল সরবরাহে সমস্যা দেখা দিয়েছে বলে জানান পৌর প্রশাসক। কয়েকদিনের মধ্যেই এই সমস্যা দূর করার আশ্বাস দিয়েছেন পুরুলিয়া পুরসভার প্রশাসক ডাঃ মৃগাঙ্ক মাহাতো এবং মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টেরর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শম্ভু মান্ডি। তবে পানীয় জলের সমস্যা কবে মিটবে সেই দিকেই তাকিয়ে পুরুলিয়া শহরবাসী।

