সঙ্কটে মহানগরের স্বাস্থ্য পরিষেবা, এনআরএসের ৭০ জন চিকিৎসক নার্স করোনায় আক্রান্ত, শহরের বাকি হাসপাতালেও পরিস্থিতি প্রায় একই

আমাদের ভারত, ৩ জানুয়ারি: রাজ্যে করোনা পরিস্থিতি উদ্বেগজনক। তার মধ্যেই কলকাতার স্বাস্থ্য পরিষেবায় সংকটের কালো মেঘ ঘনিয়েছে। এনআরএসের ৭০ জন চিকিৎসক নার্স কোভিড পজেটিভ। এর ফলে গোটা হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। শহরের বাকি হাসপাতালেও প্রায় একই অবস্থা। সেখানেও একটা বড় অংশের চিকিৎসক নার্স করোনায় আক্রান্ত।

এনআরএসে দশজন ইন্টার্ন, চিকিৎসক, নার্স মিলিয়ে ৭০ জন করোনায় আক্রান্ত বলে জানাগেছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, রাজ্যের একমাত্র সরকারি চক্ষু হাসপাতাল রিজিওনাল ইনস্টিটিউট অফ অ্যাপথালমোলজির ১২ জন চিকিৎসক করোনায় আক্রান্ত, ন্যাশনাল মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসক ও চিকিৎসক মিলিয়ে ৮০ জন করোনা আক্রান্ত। আর আহমেদ ডেন্টাল কলেজে আক্রান্ত চিকিৎসকের সংখ্যা ৩৯ এরও বেশি। চিত্তরঞ্জন সেবা সদনে আক্রান্ত চিকিৎসকের সংখ্যা প্রায় ৩৪।

চিকিৎসক নার্সদের একটা বড় অংশ এইভাবে করোনায় আক্রান্ত হবার খবরে উদ্বিগ্ন স্বাস্থ্য দপ্তর। এর ফলে কলকাতায় সরকারি স্বাস্থ্য পরিষেবা সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে জরুরি বৈঠকে বসে রাজ্য স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য ভবনে ভার্চুয়াল বৈঠকে বসেন স্বাস্থ্য অধিকর্তা ও শিক্ষা স্বাস্থ্য অধিকর্তা, সমস্ত সরকারি মেডিকেল কলেজ ও পোস্ট গ্রাজুয়েট কলেজের অধ্যক্ষ উপাধ্যক্ষরা। এই বৈঠকে স্বাস্থ্য পরিষেবা বজায় রাখতে কি করণীয় তার রূপরেখা তৈরি সহ হোস্টেল বন্ধ, এমবিবিএস পাঠক্রমের পরীক্ষা নিয়ে আলোচনা হয়।

অন্যদিকে আজ থেকেই ১৫ ঊর্ধ্বেদের টিকাকরণ শুরু হয়েছে। কো উইন অ্যাপে দেশজুড়ে সোয়া ৩ লক্ষের বেশি নাম নথিভুক্ত হয়েছে। কলকাতায় ১৬ টি সরকারি স্কুলে টিকা দেওয়া হচ্ছে। ১ জানুয়ারি থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশন। পুরসভা সূত্রে খবর, পুর এলাকায় ১৫-১৮ বছর বয়সীদের সংখ্যা ১ লাখ ৭৯ হাজার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *