সাথী দাস, পুরুলিয়া, ১৩ অক্টোবর: ফের পুরুলিয়ার হোমিপ্যাথিক মেডিক্যাল কলেজ হাসপাতালে চুরির চেষ্টা। কাল দিনের আলোর মধ্যেই ঘটনাটি ঘটেছে বলে জানায় কর্তৃপক্ষ। দেখা গিয়েছে হাসপাতালে কয়েক বছর ধরে নিয়মিত জানালা ভেঙ্গে বেশ কয়েকটি সিলিং ফ্যান ও ফ্যানের ব্লেড চুরি করে নিয়ে যায় দুষ্কৃতিরা। তিন মাস আগেও এখানের জানালা ভেঙ্গে বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি হয়। এই নিয়ে বেশ কয়েকবার চুরির ঘটনা ঘটায় চাপে পড়ে যায় পুরুলিয়া সদর থানার পুলিশ। কাল কয়েক জন দুষ্কৃতীর চুরির চেষ্টা বানচাল হয়ে যায়। স্থানীয়দের তৎপরতায় চম্পট দেয় দুষ্কৃতীরা। সেই ছবি মোবাইল বন্দি হয়।

পুরুলিয়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দুলমি এলাকায় এই মেডিক্যাল কলেজ হাসপাতালটি অবস্থিত। পঠন পাঠন বা ইনডোর পরিষেবা না থাকলেও দুইবেলা বহির্বিভাগ খোলা থাকে। প্রতিদিন শতাধিক রোগী নিখরচায় চিকিৎসা পরিষেবা পেয়ে থাকেন। ২৫ মার্চ মেডিক্যাল কলেজটি পুনরায় সরকারিভাবে অধিগ্রহণ করে চালু করতে উদ্যোগী হয় রাজ্য সরকার। চলতি বছরের ২৫ মার্চ রাজ্যের স্বাস্থ্য দফতরের আয়ুষ বিভাগ থেকে একটি প্রতিনিধি দল পরিদর্শন করে সেই আশার কথা শুনিয়ে যান। ওই দলে ছিলেন হোমিওপ্যাথি বিভাগের সহকারি নির্দেশক ডা: আশিস কুমার ঘোষ সহ তিন জন। এছাড়াও ছিলেন জেলার মেডিক্যাল অফিসাররা। পরিকাঠামো থেকে শুরু করে কাগজপত্র দেখে রিপোর্ট জমা করেন প্রতিনিধি দলের সদস্যরা। তারপর থেকে হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হাসপাতাল চালুর আশার আলো দেখছে জেলা পুরুলিয়া। আর এর মধ্যেই লাগাতার চুরি হয়।

মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ও সম্পাদক ডা: মণিন্দ্রনাথ জানা বলেন, “কিছু দুষ্কৃতী নির্জনতার সুযোগ নিয়ে রাতে দরজার তালা ভেঙ্গে মূল্যবান সামগ্রী, সিলিং ফ্যান, জানালা চুরি করে নিয়ে যায়। পুলিশের কাছে লিখিতভাবে জানিয়েছি। অভিযোগের ভিত্তিতে পুলিশ সরেজমিনে তদন্ত করেছিল কিন্তু কোনও কিনারা হয়নি। গতকাল কিছু দুষ্কৃতী দরজার হ্যাসবল্ট কাটার চেষ্টা করে। জানাজানি হতেই চম্পট দেয়। সেই ছবি তুলে পুলিশকে দিই।”

