পরিচয় গোপন করে শারীরিক সম্পর্ক অপরাধ হিসেবে গণ্য করে কঠিন সাজা দেওয়া হবে, নয়া আইন আসছে: অমিত শাহ

আমাদের ভারত, ১১ আগস্ট: ভারতের আইন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে চলেছে মোদী সরকার। শুক্রবার লোকসভায় বক্তৃতা দেওয়ার সময় গণপিটুনি থেকে শুরু করে গণধর্ষণ সহ একাধিক অপরাধমূলক মামলায় কঠোরতর সাজার ভাবনা চিন্তা করছে কেন্দ্র। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যদি কোনো ব্যক্তি নিজের পরিচয় গোপন করে কারোর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে তবে নতুন আইনের অধীনে তাকে দোষী সাব্যস্ত করা হবে।

ব্রিটিশ আমলের তিন ফৌজদারি আইন বদলে নয়া আইন আনতে চলেছে মোদী সরকার। শুক্রবার লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নতুন বিল পেশ করেছেন। একই সঙ্গে দেশের আইন ব্যবস্থা থেকে সম্পূর্ণরূপে দেশদ্রোহী আইন তুলে নেওয়ার প্রস্তাবও দিয়েছেন। গণপিটুনির বিষয়কে অপরাধ হিসেবে মানা হবে নতুন আইনে। এই অপরাধের জন্য সাত বছর পর্যন্ত কারাদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। জরিমানাও করা হবে এমনকি মৃত্যুদণ্ডের সাজাও শোনানো হতে পারে অভিযুক্তদের।

মহিলা সুরক্ষা ও সামাজিক অপরাধ দমনের জন্য মোদী সরকার অনেক কাজ করেছে বলে দাবি করেছেন শাহ। তিনি বলেন, পরিচয় গোপন করে কেউ যদি শারীরিক সম্পর্ক স্থাপন করে তবে সেটা অপরাধ হিসেবেই গণ্য করা হবে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, গণধর্ষণের মতো অপরাধের জন্য কুড়ি বছর পর্যন্ত জেল বা যাবজ্জীবন সাজার বিধান আনা হবে। নাবালিকা ধর্ষণের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের সাজার বিধান আনার কথা তিনি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *