স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২৫ মে: লটারির দোকানে দুষ্কৃতী হামলা। বুধবার রাতের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রায়গঞ্জ শহরের ঘড়ি মোড় এলাকায়। আক্রান্ত হয়েছেন দোকানের মালিক ও কর্মী। ঘটনার জেরে ইতিমধ্যেই রায়গঞ্জ থানার দ্বারস্থ হয়েছেন ব্যবসায়ী।
রায়গঞ্জ শহরের ঘড়ি মোড় এলাকায় এন এস রোডের ধারে দীর্ঘদিনের একটি লটারির পাইকারি দোকান রয়েছে। দিনেরাতে সেই দোকানে বহু খদ্দেরের আনাগোনা হয়। সূত্রের খবর, মঙ্গলবার একটি জয়ী টিকিট নিয়ে সেই দোকানে আসেন এক ব্যক্তি। টিকিটের ফলাফল অনুযায়ী তিনি ৪৫ হাজার টাকা জয়ী হয়েছিলেন। তার কাছ থেকে তথ্য যাচাই করে তাকে পরদিন আসতে বলা হয়। সেই অনুযায়ী বুধবার রাতে ঐ ব্যক্তি যথারীতি টিকিট ভাঙাতে সেখানে হাজির হন। ব্যবসায়ী ও দোকানের কর্মীরা জানান, বিজেতাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলতেই তিনি তেলে বেগুনে জ্বলে ওঠেন। অভিযোগ এরপর ঐ ব্যক্তি গালিগালাজ শুরু করেন। দোকানের কর্মী সন্তু মহন্ত তাকে বাধা দিলে সন্তুকে হুমকি দিয়ে চলে যান তিনি। কিছুক্ষণ পর মদ্যপ অবস্থায় আরেক জন দুষ্কৃতীকে নিয়ে এসে দোকানে তান্ডব শুরু করেন বলে অভিযোগ। মারধর করা হয় ব্যবসায়ী সুজিত রায়, কর্মী সন্তু মহন্ত সহ ৩ জনকে। কিছুক্ষণ বাদে দুষ্কৃতীরা কেটে পড়ে। ঘটনায় আতঙ্কের পরিবেশ তৈরী হয়। রাতেই রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। দোকান মালিক ও কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। পুলিশের কাছে যথাযথ পদক্ষেপ গ্রহনের দাবী জানিয়েছেন তারা।

