প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রকৃত গৃহহীনদের নাম নথিভুক্ত করার দাবিতে মেজিয়ায় বিক্ষোভ সিপিএমের

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়া, ৫ জানুয়ারি: প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রকৃত গৃহহীনদের নাম নথিভুক্ত করার দাবি জানিয়ে আজ মেজিয়ায় বিক্ষোভ দেখায় সিপিএম।

প্রধানমন্ত্রী আবাস যোজনা প্লাসে দুঃস্থ মানুষদের মাথার ছাদ দেওয়ার জন্য যে তালিকা প্রকাশ হয়েছে তা নিয়ে রাজ্য জুড়ে জেলায় জেলায় বিক্ষোভ শুরু হয়েছে। কোথাও বিরোধীরা আবার কোথাও বঞ্চিত দুঃস্থ মানুষ প্রতিবাদে সোচ্চার হয়েছেন। তাদের অভিযোগ, শাসক দলের মদতে আবাস যোজনা প্লাসের সাহায্যের অর্থ প্রাপকদের যে তালিকা তৈরি হয়েছে তা প্রকৃত তালিকা নয়। এটা স্বজন পোষণের তালিকা। একই অভিযোগ তুলে বুধবার মেজিয়ায় সিপিআই(এম) নেতা কর্মীরা এক প্রতিবাদ মিছিল করে বিক্ষোভ দেখাতে থাকেন। এই বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন দলের জেলা কমিটির সদস্য সুজয় চৌধুরী ও এরিয়া কমিটির সম্পাদক শেখ ইলিয়াস।

সুজয় চৌধুরীর দাবি, সম্প্রতি যে তালিকা প্রকাশ হয়েছে তাতে দেখা যাচ্ছে যাদের পাকা বাড়ি এবং তৃণমূল দল করে তাদের নাম রয়েছে। এরকম সংখ্যা অসংখ্য। আমাদের দাবি, ওই সব পাকা বাড়ির মালিক ও স্বচ্ছল ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হোক। যারা সত্যিকারের গৃহহীন তাদের নাম নথিভুক্ত করা হোক। দলমত নির্বিশেষে গরিব মানুষ এই প্রকল্পের সুবিধা পাক।

এবিষয়ে মেজিয়া ব্লক তৃণমূল সভাপতি জন্মেজয় বাউরি বলেন, সিপিআইএম প্রচারে আসার জন্য এসব করছে। তালিকায় যে নাম রয়েছে তা খতিয়ে দেখার জন্য সরেজমিনে তদন্ত করা হচ্ছে। এর জন্য অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের দিয়ে সমীক্ষা করানো হচ্ছে। কোথাও কোথাও বিডিও ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষও সরেজমিনে খতিয়ে দেখছেন। গরমিল ধরা পড়লে তা বাদ যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ১০০ % স্বচ্ছ তালিকা করে। সত্যিকারের উপভোক্তারাই আবাস যোজনার সুবিধা পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *