সুশান্ত ঘোষ, বাগদা, ২৬ ডিসেম্বর: শিক্ষক দুর্নীতির আরও ৫৩ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেয় হাইকোর্ট। শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে শুনানি ছিল। সেই নামের তালিকায় উঠে এলো উত্তর ২৪ পরগনার বাগদা থানার মামাভাগ্নে গ্রামের সিপিএমের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের ছেলে শান্তনু বিশ্বাসের নাম, এমনই দাবি করেন বাগদার প্রাক্তন বিধায়ক দুলাল বর।
দুলালবাবু বলেন, বাগদার মামা ভাগ্নে গ্রামে মোট ১০ জনের একটা তালিকা বাগদা এলাকায় রয়েছে বলে খবর রয়েছে। তার মধ্যে তিনি একজনকে চেনেন যার নাম শান্তনু বিশ্বাস, তার বাবা বাগদা পঞ্চায়েতের সিপিএমের প্রাক্তন প্রধান। দুলালবরের দাবি, চন্দন মন্ডলের হাত ধরেই এই চাকরি। যদিও বাড়িতে গিয়ে শান্তনু বিশ্বাসের দেখা না মিললেও তার মা জানান, তার ছেলে দুদিন আগেও স্কুলে গিয়েছেন, শান্তনুর স্ত্রীর অসুস্থতার কারণে তাকে নিয়ে চিকিৎসার জন্য বারাসাত গিয়েছেন। তাই এই মুহূর্তে বাড়িতে নেই।
তবে এই ধরনের ঘটনা এই এলাকায় অহরহ। শান্তনুর প্রথম চাকরি ওই এলাকার রঞ্জন ওরফে চন্দন মণ্ডলের হাত ধরে। সেই চাকরি শান্তনু ছেড়ে এখন অন্য চাকরি করেছে এমনই জানিয়েছেন শান্তনুর মা। এদিন স্কুল বন্ধ থাকায় স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

