সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৬ জুলাই: পুননির্বাচনের দাবিতে সিপিএমের বড়জোড়া ব্লক অফিস ঘেরাওকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।সদ্য সমাপ্ত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ভোটের দিন ও গণনার দিন ব্যাপক ছাপ্পা ও কারচুপি করে শাসক দলের প্রার্থীদের জয়ী ঘোষণা করার অভিযোগে বাঁকুড়ার বড়জোড়া ব্লকের সমস্ত বুথে পুনর্নির্বাচন এবং সংশ্লিষ্ট বিষয়ে দোষীদের কঠোর শাস্তি দাবি করে বিডিও অফিস অভিযানের ডাক দেয় বড়জোড়া ব্লক সিপিআইএম।

বড়জোড়ার প্রাক্তন বিধায়ক তথা বেলিয়াতোড় এরিয়া কমিটির সম্পাদক সুজিত চক্রবর্তী ও বড়জোড়া এরিয়া কমিটির সম্পাদক সুজয় চৌধুরীর নেতৃত্বে এক বিশাল মিছিলে বহু মানুষ যোগ দেন।মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন দলের জেলা কমিটির সদস্য যদুনাথ রায়, শ্রমিক নেতা মহাদেব সিংহ, যুব নেতা প্রশান্ত ভুঁই। বিশাল বিক্ষোভ মিছিল শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকা পরিক্রমা করে বিডিও অফিসের সামনে হাজির হলে বিডিও অফিসের সামনে লোহার ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিশ। মিছিলকারীরা সেই ব্যারিকেড ভেঙ্গে ভেতরে ঢোকার চেষ্টা করলে ধুন্ধুমার কান্ড শুরু হয়।বিক্ষোভকারীদের সাথে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। মহিলারা পুরুষ পুলিশের দিকের অংশে ঢোকার চেষ্টা করলে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। এই পরিস্থিতিতে মহিলাদের আটকাতে গিয়ে কয়েকজন মহিলা পুলিশকে হিমশিম খেতে হয়। শেষমেষ বড়জোড়ার আইসির অনুরোধে সুজিত চক্রবর্তীদের ৫ জন প্রতিনিধি বিডিও অফিসে গিয়ে স্মারকলিপি জমা করেন। কিন্তু তারা বিষয়টি নিয়ে বিডিওর সাথে কোনও কথা বলেননি।
সুজিত চক্রবর্তী বলেন, আমরা মনে করি ভোট ও গণনার দিন যে ঘটনা ঘটেছে তার জন্য বিডিও সরাসরি দায়ী। পুলিশ ও প্রশাসন মিলে পঞ্চায়েত নির্বাচনকে প্রহসনে পরিণত করেছিল। কাজেই বিডিওর সঙ্গে আলোচনা করার প্রশ্নই নেই।

সিপিআইএমের সুজয় চৌধুরী বলেন, ভোটের দিন গোটা
ব্লকজুড়ে শাসক দলের দুষ্কৃতিরা তান্ডব চালিয়ে, ব্যাপক ছাপ্পা ভোট দিয়েছে। পাশাপাশি গণনার দিন কারচুপি করে সিপিআইএম প্রার্থীদের হারানো হয়েছে। তাঁর দাবি, বড়জোড়া হাইস্কুলের পিছনের জঙ্গলে তাদের ৩৫ নং জেলা পরিষদ আসনের প্রার্থী শ্যামলী রায়ের নামে ছাপ দেওয়া ২৩৬টি ব্যালট পাওয়া গেছে। তিনি বলেন, স্ট্রং রুম থেকে ব্যালট বাক্সে থাকা তাদের প্রার্থীর ব্যালট বের করে নিয়ে তৃণমূল প্রার্থীর নামে অবৈধ ব্যালটে ছাপ মেরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে ২০ জুলাই কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছে। তাদের প্রার্থীদের হারানোর জন্য বিক্ষোভকারীরা বিডিও ও আইসিকে গ্রেফতারের দাবি করেন।
বিষয়টি বিচারাধীন বলে বিডিও সুরজিৎ পন্ডিত কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। তবে বড়জোড়ার তৃণমূল বিধায়ক অলক মুখার্জি বলেন, সিপিআইএম মিথ্যা অভিযোগ তুলছে। জঙ্গলে যে ব্যালট পেপার পেয়েছেন বলে ওনারা দাবি করছেন সেগুলি আসল না নকল তার তদন্ত হোক বলে তিনি দাবি করেন।

