পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ অক্টোবর: মেদিনীপুর পৌরসভায় ক্রমেই ঊর্ধ্বমুখ হচ্ছে ডেঙ্গির প্রকোপ। এরই মধ্যে ভরা বর্ষায় জলমগ্ন হয়েছে মেদিনীপুর। ব্যবস্থা নিতে ব্যর্থ পৌরসভা। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ মেদিনীপুর শহরের সিপিএমের জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে শহর তথা জেলার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারকে দুষলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
এদিন দিল্লিতে সাংবাদিক সহ কেন্দ্রীয় সরকারের বিরোধী দলগুলোর বিরুদ্ধে দিল্লি পুলিশের হায়রানি নিয়ে তিনি বলেন, সকাল থেকে দিল্লিতে যা ঘটল…. কোনো ওয়ারেন্ট ছাড়া দিল্লি পুলিশ দেশদ্রোহের নাম করে সাংবাদিক থেকে শুরু করে যারা সরকারের বিরুদ্ধে তাদের বাড়িতে তল্লাশির নাম করে গিয়ে ফোন, ল্যাপটপ নেওয়া থেকে শুরু করে যারা সরকারের কাছে মাথা নোয়াচ্ছে না, তাদের যেভাবে ঝামেলার মধ্যে ফেলা হচ্ছে, তার তীব্র নিন্দা করছি। ফ্যাসিবাদী কায়দায় বিজেপি এই আক্রমণ নামিয়ে আনছে। সীতারাম ইয়েচুরির নামে যে বাংলো আছে, যেখান থেকে নানান কাজ চলে, সেখানে গিয়ে দিল্লি পুলিশ হাজির হচ্ছে। হয় বিজেপির পক্ষে দাঁড়াতে হবে, নয়তো তাদের সহযোগিতা করতে হবে। তিনি বলেন, তৃণমূলের মতো সমস্ত গণতন্ত্র প্রিয় মানুষকে সোচ্চার হতে হবে।
মহম্মদ সেলিম বলেন, আমরা মনে করি আমাদের রাজ্যের যে প্রাপ্য, যা মিথ্যে জব কার্ড করে তৃণমূল টাকা মেরেছে এই সুযোগে কেন্দ্র টাকা আটকে দিয়েছে। আমরা বলছি গরিব মানুষের টাকা আটকে রাখা যাবে না। আমরা বলছি কত টাকা বকেয়া তার একটা শ্বেতপত্র প্রকাশ করুক তৃনমূল, কিন্তু তারা সেটা করছে না। গতকাল কেন্দ্রীয় মন্ত্রী বলেছে সিবিআই তদন্ত হবে। কেনো আগে হয়নি? আমরা তো আগেই বলেছি চোর ধর, জেল ভরো।

