আমাদের ভারত, বাঁকুড়া, ৩ নভেম্বর: বিদ্যুৎ পরিষেবায় প্রিপেইড স্মার্ট মিটার চালুর প্রতিবাদে সিপিআইএম- এর শ্রমিক সংগঠন সিআইটিইউ, সারা ভারত কৃষক সভা ও সারা ভারত খেতমজুর সংগঠনের উদ্যোগে আজ বড়জোড়া চৌমাথা মোড়ে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন সিআইটিইউ নেতা বাণেশ্বর গুপ্ত, কৃষক নেতা বিশেশ্বর গরাই, খেতমজুর সংগঠনের জেলা সম্পাদক ইনামুল হক মন্ডল ও সিপিআই(এম) নেতা সুজয় চৌধুরী এবং মহাদেব সিংহ।
বাণেশ্বর গুপ্ত বলেন, প্রিপেড স্মার্ট মিটার লাগানোর চক্রান্ত রুখতে হবে। বিদ্যুৎ আইনকে বুড়ো আঙুল দেখিয়ে কেন্দ্রীয় সরকার প্রিপেইড স্মার্ট মিটার পরিষেবা চালু করে বিদ্যুৎকে বেসরকারি হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করেছে। পশ্চিমবঙ্গ সরকারও সেই ষড়যন্ত্রের সঙ্গে হাত মিলিয়েছে। এর বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ।

ইনামুল হক মন্ডল বলেন, বিদ্যুতকে বেসরকারিকরণের চেষ্টার প্রতিবাদে, বিদ্যুৎ বিল কমানোর দাবি সহ ৪ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রেরণ করা হবে বড়জোড়ার এসএস’এর মাধ্যমে। সভার পর মিছিল করে তারা যান এসএস দফতরে। সেখানে সুজয় চৌধুরী বলেন, অবিলম্বে এই জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত বাতিল না করলে আমরা সারা রাজ্য জুড়ে আন্দোলনে নামতে বাধ্য হবো।

