জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২২ অক্টোবর: বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনার বিরুদ্ধে সরব হল সিপিএম। বাংলাদেশের বিভিন্ন এলাকায় হিন্দুদের ওপর মৌলবাদীদের আক্রমণের প্রতিবাদে এবং সে দেশের মৌলবাদী শক্তির বিরুদ্ধে সরব হয়ে আন্দোলনে নামা বাংলাদেশের কমিউনিষ্ট পার্টিসহ অন্যান্য বামপন্থী দলের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে শুক্রবার সন্ধেয় মেদিনীপুর শহরে মিছিল সংগঠিত করলো সিপিএমের পূর্ব এরিয়া কমিটি। মিছিল থেকে বাংলাদেশের ঘটনায় জড়িত দুষ্কৃতীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি তোলা হয়।সমস্ত রকম ধর্মীয় মৌলবাদী শক্তির বিরুদ্ধে প্রতিবাদে সরব হন মিছিলে অংশগ্রহণকারীরা। এদিন পিপলস্ ব্যাংকের কাছে অবস্থিত সিপিএম পূর্ব এরিয়া কমিটির অফিস থেকে মিছিল শুরু হয়ে বটতলা, গান্ধীমোড়, পঞ্চুরচক, গোলকুয়াঁরচক হয়ে এরিয়া কমিটির অফিসে এসে শেষ হয়।

মিছিল চলাকালীন পঞ্চুর চকে পথসভায় বক্তব্য রাখেন দলীয় নেতৃবৃন্দ। মিছিলে নেতৃত্ব দেন এরিয়া কমিটির সম্পাদক সুকুমার আচার্য, কুন্দন গোপ, জয়ন্ত মজুমদার, স্বপন বিশ্বাস, সুব্রত চক্রবর্তী, মৃণাল সুর সহ অন্যান্য নেতৃবৃন্দ।

