ইসলামপুরে ভোট প্রচারে এসে বিজেপি ও তৃণমূলকে বিঁধলেন সিপিএমের পলিটব্যুরো সদস্য ও রায়গঞ্জের প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৯ ফেব্রুয়ারি: নরেন্দ্র মোদী বিক্রি করছে দেশের বীমা, ব্যাঙ্ক, রেল। আর মমতা বন্দ্যোপাধ্যায় বিক্রি করছে স্বাস্থ্য, শিক্ষা। শনিবার উত্তর দিনাজপুরের ইসলামপুরে ভোট প্রচারে এসে বিজেপি ও তৃণমূলকে এভাবেই বিঁধলেন সিপিএমের পলিটব্যুরোর সদস্য ও রায়গঞ্জের প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম।

এদিন ইসলামপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী তিমির রায় ও ২ নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী সামসাদ পারভিন এবং ১০ নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী ফিরোজ আহমেদের সমর্থনে প্রচার করেন দলের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম। এদিন প্রচারে নেমে তিনি কাটমানি, দুর্নীতি ও উন্নয়ন নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হন। তিনি বলেন, “দুর্নীতির চরম সীমায় পৌঁছে গেছে তৃণমূল কংগ্রেস। কাটমানি ছাড়া মানুষ কোনো পরিষেবা পায় না। শহরজুড়ে নোংরা, আবর্জনায় মশার আঁতুড়ঘর পরিণত হয়েছে ইসলামপুর পৌর এলাকা। এই পরিস্থিতিতে মানুষ যদি ভোট দিতে পারে বা শান্তিপূর্ণ ভোট হয় তবে আমি নিশ্চিত ভাবে বলতে পারি তৃণমূলের বিরুদ্ধে সিপিআইএম প্রার্থীরা জয়ী হবে।

ভোটলুট রুখতে এদিন সাধারণ মানুষকে বার্তা দিয়ে মহম্মদ সেলিম বলেন, “যারা ভোট লুট করে তারা রাতে এত মদ খায় যে সকালে উঠতে পারে না৷ তাই সকাল সকাল নিজের ভোটাধিকার প্রয়োগ করুন৷ ভোট লুট বন্ধ করুন। এদিন সেলিম সাহেব আরো অভিযোগ করে বলেন, বিজেপি ও তৃণমূল কংগ্রেসের বিধায়ক কখন কোন দলে যাবে আর থাকবে সেটা এখন বোঝা খুবই মুশকিল। কেন না তারা একই রয়েছে। তাদের বিচারধারাও একই রয়েছে।

এদিনের প্রচারে সিপিআই ইসলামপুর লোকাল কমিটির সম্পাদক পবন যাদব, সিপিআইএমের এরিয়া কমিটির সম্পাদক বিকাশ দাস, সিপিএমের জেলা নেতা স্বপন গুহ নিয়োগী ও ফরওয়ার্ড ব্লক নেতা কামরুল হক এবং অন্যান্য বামপন্থী নেতৃত্ব উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *