সাথী দাস, পুরুলিয়া, ৪ জানুয়ারি: আবাস প্লাস যোজনায় দুর্নীতির অভিযোগে তৃণমূল ও বিজেপি পরিচালিত পঞ্চায়েতে তালা মারল সিপিএম। টানা তিন দিন ধরে এই পরিস্থিতিতে আমল দেয়নি প্রশাসন বলে অভিযোগ সিপিএমের। ঝালদা ১ ব্লকের হেঁসাহাতু গ্রাম পঞ্চায়েতের ঘটনা।

ঝালদা ১ নম্বর ব্লকের হেঁসাহাতু গ্রাম পঞ্চায়েতে আবাস যোজনার তালিকা প্রকাশ হতেই প্রতিবাদে সোচ্চার হয়েছেন এলাকার মানুষজন। যারা সত্যিকারের বাড়ি পাওয়ার যোগ্য তাদেরকে বঞ্চিত করে অযোগ্যদের নাম তালিকায় রাখা হয়েছে। অবিলম্বে তালিকা সংশোধনের দাবি জানিয়ে সিপিআই (এম) এর নেতৃত্বে গ্রাম পঞ্চায়েতের সামনে অবস্থান-বিক্ষোভে শামিল হয়েছেন এলাকার মানুষজন। গত সোমবার থেকে পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে শুরু হয়েছে অবস্থান-বিক্ষোভ। সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত পঞ্চায়েতের সামনে চলছে অবস্থান। পঞ্চায়েত অফিসে তালা লাগানোর ফলে কোনো কাজ হচ্ছে না পঞ্চায়েত থেকে। কর্মীরা কেউ আর পঞ্চায়েতে আসছেন না।

বিক্ষোভরত ‘সংগ্রাম কমিটি’র পক্ষে পূর্ণ চন্দ্র গড়াই, সিপিএমের যুব সংগঠনের দুর্গাচরণ মাহাতো বলেন, “সব সার্ভের পর সংশোধন তালিকায় নিজেদের মতো করে সংযোজন হয়েছে। অথচ, দেখা গিয়েছে ৪১ জনের বেশি যোগ্য পরিবার তালিকায় নেই। এঁদের তালিকাভুক্ত করার দাবিতে পঞ্চায়েতে তালা দিয়ে অবস্থান বিক্ষোভ চলছে আমাদের।”
৮ আসন বিশিষ্ট হেঁসাহাতু গ্রাম পঞ্চায়েতে বিজেপি ৪ জন সদস্য ১ জনের তৃণমূলের সদস্যকে নিয়ে ক্ষমতায় রয়েছে। ৩ জন কংগ্রেস সদস্য বিপক্ষে। বিজেপির প্রধান তেজনাথ মাহাতো বলেন, “এই পরিস্থিতিতে কাজ কী করে হবে? তবে, নতুন করে কারোর আবাস প্লাস যোজনার তালিকায় নাম নেই।”

