কুমারেশ রায়, পশ্চিম মেদিনীপুর, ৮ আগস্ট:
ঘাটালের বন্যা পরিস্থিতিতে মানুষজন ত্রাণ পাচ্ছে না, পানীয় জল পাচ্ছে না। নদীর পূর্ব পাড়ে জল নিকাশি ব্যবস্থা না থাকায় বৃষ্টির জল জমে ছিল অনেকদিন।
নিকাশি ব্যবস্থা না থাকা এবং বন্যায় ত্রাণ এবং পানীয় জল পর্যাপ্ত পরিমাণে না দেওয়ার জন্য পুরসভা এবং সরকারকে বিঁধলেন সিপিএমের বর্ষিয়ান নেতা অশোক সাঁতরা।
রবিবার সিপিএম শহরে বিক্ষোভ সভা করে। অশোক বাবু বলেন, নেতা আসছে, মন্ত্রী আসছে, কিন্তু সাধারণ মানুষের সমস্যার সমাধান হচ্ছে না। নদীর পূর্ববপাড়ে বন্যার জলের থেকেও সাধারণ জলেই জল জমে থাকছে। এর জন্য অশোকবাবু পুরসভা এবং রাজ্য সরকার দুই পক্ষকে দায়ী করেন। তিনি দাবি করেন, দুর্গত মানুষের পাশে রং না দেখে ঝান্ডা না দেখে, মানুষের পাশে দাঁড়াতে হবে সরকারকে, না হলে আমরা বিক্ষোভ করব।
সিপিএম নেতা উত্তম মন্ডল বলেন, ১৬ এবং ১৭ নম্বর ওয়ার্ডের মানুষজন বন্যার থেকেও খারাপ অবস্থায় ছিল। পানীয় জল পর্যন্ত তারা পাননি, অনেক দূর থেকে পানীয় জল সংগ্রহ করে নিয়ে আসতে হয়েছে। পুরসভা তার কোনও ব্যবস্থা নিতে পারেনি। তিনি বলেন, বন্যার সময় প্রয়োজন ছিল বিদ্যুৎ সংযোগ এবং দ্রুত পানীয় জলের ব্যবস্থা করা। ঘাটাল পৌরসভা সেই বন্দোবস্ত করতে ব্যর্থ। তিনি তৃণমূলের কাউন্সিলর অশোক সাহার একটি ভিডিও ভাইরাল হওয়ার প্রসঙ্গ তুলে বলেন, অশোক সাহা তৃণমূলের পৌরবোর্ড সম্বন্ধ্যে কত খারাপ কথা বলেছেন। উত্তম বাবু বলেন, এবারের বন্যা পরিস্থিতি অতিমারি পরিস্থিতিতে হয়েছে। যখন মানুষ করোনার চিকিৎসার জন্য হাপিত্যেশ করছে।
৭৮ সালের বন্যার থেকেও এবার জল স্তরের উচ্চতা ১ ফুট বেশি ছিল।

