নানুরে সিপিএম প্রার্থীদের মারধর, মনোনয়নে বাধা

আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ১২ জুন: মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে আক্রান্ত সিপিএম মনোনীত প্রার্থীরা। ভাঙ্গচুর করা হয়েছে তাদের গাড়ি। পরে অবশ্য গাড়ি ভাড়া করে নানুর ব্লক অফিসে পৌঁছে মনোনয়ন জমা দেন সিপিএম প্রার্থীরা।

জানা গিয়েছে, সোমবার সকালে একটি গাড়িতে চড়ে কীর্ণাহার থেকে নানুরে মনোনয়ন পত্র জমা দিতে যাচ্ছিলেন সিপিএম প্রার্থী এবং সমর্থকরা। কির্ণাহার ও নানুর থানার মাঝে দাসকল গ্রাম, কড়েয়া ২ গ্রাম পঞ্চায়েতের বালিয়ারা বাস স্টপেজের কাছে কয়েকজন দুষ্কৃতী তাদের গাড়ি আটকায়। এরপরেই প্রার্থী ও সমর্থকদের গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। ভাঙ্গচুর করা হয় গাড়ির কাঁচ। ওই গাড়িতে ছিলেন শান্তি রাম দাস, সরস্বতী মণ্ডল। তারা বলেন, “তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গাড়ি থামিয়ে মারধর করেছে। প্রচণ্ড মারধর করে আমাদের। আমরা ফিরে এসে পুনরায় মনোনয়ন জমা দিতে ব্লকে যাই”।

সিপিএম প্রার্থীরা পুনরায় যখন ব্লকে অফিসে পৌঁছোন তখন তাদের মনোনয়নপত্র জমা দিতে সহযোগিতা করেন তৃণমূলের কোর কমিটির সদস্য কাজল শেখ। তিনি বলেন, “যারা আক্রমণ চালিয়েছে তারা দলের কেউ নয়। আমাদের দলের নির্দেশ কোথাও বিরোধীদের বাধা দেওয়া যাবে না। তাই আমরা এগিয়ে এসে মনোনয়নে সাহায্য করলাম। কোথাও কেউ বাধা পেলে আমাদের জানান”।

নানুরের প্রাক্তন বিধায়ক, সিপিএমের জেলা কমিটির সদস্য শ্যামলী প্রধান বলেন, “তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই আমাদের প্রার্থীদের মারধর করেছে। আমরা অভিযোগ জানিয়েছি। বিষয়টি কমিশনেও জানাব”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *