আমাদের ভারত, জলপাইগুড়ি, ৮ সেপ্টেম্বর: ভোটের আগে বলেছিলেন তিনিই জিতবেন। শুক্রবার গণনার মাঝপর্বেই ধুপগুড়ির বাম-কংগ্রেস জোট প্রার্থী বুঝে গিয়েছিলেন পরাজয় অবশ্যম্ভাবী। তাই পঞ্চম রাউন্ড গণনার পরেই গণনা কেন্দ্র থেকে বেরিয়ে যান সিপিএম প্রার্থী ঈশ্বর চন্দ্র রায়।
ভোট শান্তিপূর্ণ হলেও ফলাফল হতাশাজনক বলেই ব্যাখ্যা করেন তিনি। কেন এই হাল? সিপিএম প্রার্থী জানান, এবারের ভোটের শতকরা হার অনেক কম। পঞ্চায়েত নির্বাচনে এর থেকে বেশি মানুষ ভোট দিয়েছিলেন। পঞ্চায়েত ভোটকে মানুষ যেভাবে নিয়েছিল, এই ভোটকে হয়তো মানুষ সেভাবে নেয়নি। সে কারণে ভোট অনেকটাই কম পড়েছে। সেটার প্রভাব পড়েছে প্রত্যেক দলের ফলাফলে।
গত বিধানসভা ভোটে বিজেপি-র ভোটপ্রাপ্তির হার ছিল ৪৫.৬৫ শতাংশ। আর তৃণমূল পেয়েছিল ৪৩.৭৫ শতাংশ। সেই আসনে অনেকটাই পিছিয়ে ছিল সিপিএম। সিপিএম প্রার্থী পেয়েছিলেন মাত্র ৫.৭৩ শতাংশ ভোট। তব গত পঞ্চায়েত নির্বাচনে ফল অনেকটাই বদলে যায়। মাটি শক্ত করতে শুরু করে তৃণমূল কংগ্রেস। জলপাইগুড়িতে জেলা পরিষদ স্তরে তৃণমূল পায় ৪৭.৬০ শতাংশ ভোট। বিজেপি পায় ৩৯.২০ শতাংশ আর বাম-কংগ্রেস জোটের দখলে যায় ১২.১০ শতাংশ ভোট।

