সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৯ এপ্রিল:
পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস সহ পেট্রোপণ্যের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধির প্রতিবাদে শনিবার সকালে বড়জোড়ায় সিপিএমের উদ্যোগে স্থানীয় পেট্রোল পাম্পে বিক্ষোভ দেখিয়ে অবস্থান করা হয়। বিক্ষোভকারীরা একসময় বড়জোড়া চৌমাথা মোড়ে অবরোধও করে। এর ফলে বড়জোড়া শিল্পাঞ্চলের মত ব্যস্ত রাস্তায় অল্প সময়ের মধ্যেই ব্যাপক যানজট তৈরি হয়ে যায়। অবরোধের কিছুক্ষণের মধ্যেই বড়জোড়া থানার পুলিশ এসে বিক্ষোভকারীদের হঠিয়ে দিয়ে রাস্তা অবরোধ মুক্ত করে দেয়।

বিক্ষোভ অবস্থানে বক্তব্য রাখেন দলের বড়জোড়া এরিয়া কমিটির সম্পাদক সুজয় চৌধুরী ও ভারতবন্ধু ব্যানার্জি, সাগর শীট প্ৰমুখ। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের তুঘলকি সিদ্ধান্ত এবং রাজ্যের মমতা সরকারের তাতে মৌন সম্মতি রাজ্যবাসীর নাভিশ্বাস তুলে দিয়েছে। যে হারে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি ঘটানো হয়েছে আন্তর্জাতিক বাজার লক্ষ্য করলে কোনও মতেই পেট্রোল ও ডিজেলের দাম ৮০ ও ৯০ টাকার বেশি হওয়া উচিত নয় বলে মন্তব্য করেন সুজয় চৌধুরী। তিনি বলেন, পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে জনগণের পেটে আঘাত করলেও দুই সরকারের কোষাগার স্ফিত হচ্ছে। তাতে দিল্লির দাদার বিদেশ ভ্রমণ ও রাজ্যের দিদির মেলা খেলা ও ভিক্ষা দেওয়ার অর্থ জোগাড় হচ্ছে। সেকারণে দিদি মোদী কেউই চাইছেন না পেট্রোপণ্য জিএসটির আওতায় আসুক।
বিক্ষোভকারীদের দাবি, আপাতত জনগনকে স্বস্তি দিতে কেন্দ্র ও রাজ্য সরকার পেট্রোপণ্যের উপর থেকে ট্যাক্সে ছাড় দিক। আর তা না হলে লাগামহীন মূল্য বৃদ্ধির বিরুদ্ধে দেশ জুড়ে লাল ঝান্ডা আন্দোলনে নামবে।

