আমাদের ভারত, পূর্ব বর্ধমান, ২ সেপ্টেম্বর: সিপিআইএমের পার্টি অফিস ভাঙ্গার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি বর্ধমান শহরের বড়নীলপুর বাজার এলাকার। ওই এলাকার সিপিএমের ৪ নং লোকাল কমিটির পার্টি অফিস ভাঙ্গচুরের ঘটনা ঘটে।
দলীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাতের দিকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা পার্টি অফিস ভাঙ্গচুর করে এবং অফিসের দরজায় তালা ঝুলিয়ে দেয় বলে অভিযোগ। সিপিএইএমের পক্ষ থেকে শুক্রবার এই বিষয়ে বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

এদিন পূর্ব বর্ধমান জেলার সিপিএইএমের সম্পাদক অপূর্ব চ্যাটার্জি বলেন, বৃহস্পতিবার রাত প্রায় ১২ টা নাগাদ স্থানীয় দুষ্কৃতিরা মদ্যপ অবস্থায় পার্টি অফিসে ভাঙ্গচুর চালায়। আমাদের আইন অমান্য কর্মসূচিতে সাধারণ মানুষের স্বতস্ফূর্ত যোগ দানে ভয় পেয়েছে রাজ্যের শাসক দল। তারই প্রমাণ হল এই পার্টি অফিস ভাঙ্গচুরের ঘটনা। তিনি আরো বলেন, সাধারণ মানুষ আজ জানতে চাইছে গত ১১ বছরে তৃণমূল নেতাদের কাছে এতো সম্পত্তি এল কিভাবে? মানুষের এই প্রশ্নের জবাব না দিয়ে রাতের অন্ধকারে পার্টি অফিস ভাঙ্গচুর করে তৃণমূল নেতারা রেহাই পাবে না।
অন্যদিকে পার্টি অফিস ভাঙ্গচুরের অভিযোগ অস্বীকার করেছেন জেলা মুখপাত্র প্রসেনজিৎ দাস। তিনি বলেন, গত বুধবার বর্ধমানে সিপিআইএম যে তাণ্ডব চালিয়েছে সেইদিক থেকে দৃষ্টি ঘোরাতেই নিজেরাই নিজেদের পার্টি অফিস ভাঙ্গচুর করেছে। দলের নেতারা থানায় গিয়ে এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করুন পুলিশ তদন্ত করে সত্য উদঘাটন করবে।

