পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ ফেব্রুয়ারি: ৭ ও ৮ ফেব্রুয়ারি কে ডি কলেজে অনুষ্ঠিত হলো মানবাধিকার সংগঠন সিপিডিআরএস (CPDRS)-এর দু’দিনের পঞ্চম রাজ্য সম্মেলন। রাজ্যের বিভিন্ন জেলা থেকে চার শতাধিক মানবাধিকার কর্মীর সক্রিয় অংশগ্রহণে সম্মেলনটি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক আলোচনামঞ্চে পরিণত হয়।

সম্মেলনের প্রথম দিনের উদ্বোধনী অধিবেশনে উপস্থিত ছিলেন কে ডি কলেজের প্রিন্সিপাল দুলাল চন্দ্র দাস, সিপিডিআরএস-এর সাধারণ সম্পাদক কে. শ্রীধর, বিশিষ্ট মানবাধিকার নেতৃত্ব অধ্যাপক সুজাত ভদ্র, শুভ্রাংশু চাকি সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব।
এই অধিবেশনে আন্তর্জাতিক ও দেশের বর্তমান আর্থসামাজিক পরিস্থিতি, সাংবিধানিক বিধিব্যবস্থা, গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার বিভিন্ন দিক নিয়ে প্রতিনিধিরা বিস্তৃত আলোচনা করেন।
৮ ফেব্রুয়ারি সম্মেলনের শেষ অধিবেশনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিপিডিআরএস-এর উপদেষ্টা সান্টু গুপ্ত। তিনি দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির বিশ্লেষণ তুলে ধরে মানবাধিকার কর্মীদের ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক নাগরিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। সম্মেলনের শেষে সংগঠনের ১৭০ জন সদস্যের নতুন রাজ্য কমিটি গঠিত হয়। নবনির্বাচিত কমিটিতে আইনজীবী শুভ্রাংশু চাকি সভাপতি, অধ্যাপক সৌম্য সেন কার্যকরী সভাপতি এবং রাজকুমার বসাক সম্পাদক নির্বাচিত হন।

নবনির্বাচিত সম্পাদক রাজকুমার বসাক তাঁর বক্তব্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে এস আই আর (SIR)-এর নাম করে নাগরিকদের ভীতসন্ত্রস্ত করা, বিভাজনের রাজনীতি ও গণতান্ত্রিক অধিকার খর্ব করার চেষ্টার বিরুদ্ধে সচেতন, ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ নাগরিক আন্দোলন গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। সম্মেলনের মাধ্যমে সিপিডিআরএস রাজ্যজুড়ে মানবাধিকার রক্ষার লড়াই আরও শক্তিশালী হবে বলে অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন।

