জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ ফেব্রুয়ারি: রবিবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কর্মী সম্মেলন আয়োজিত হল বেলদার গঙ্গাধার অ্যাকাডেমিতে। এদিন এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূল নেত্রী দোলা সেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পাড়ায় পাড়ায় যমের দূত প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলেন তৃণমূল নেত্রী দোলা সেন। এদিন তিনি বলেন, আমি দিলীপবাবুর কোনও কথায় মন্তব্য করতে চাই না। উনি প্রতিদিনই খবরের শিরোনামে আসার জন্য এই ধরনের মন্তব্য করেন। আমি এক কথায় বলবো, শকুনের শাপে গরু মরে না। চিন্তা করবেন না ঠিক সময়ে মানুষ তার যোগ্য জবাব দিয়ে দেবে, কারণ বাংলার মানুষের মনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জ্বলজ্বল করছে।
পাশাপাশি বিভিন্ন তৃণমূল নেতাদের দল ছেড়ে দেওয়ার প্রসঙ্গ নিয়ে দোলা সেন বলেন, এর আগেও দেখেছি ২০১৬ সালে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্বদের মুখে শোনা গিয়েছিল তৃণমূল আর থাকবে না। কিন্তু মানুষ আরেকবার প্রমাণ করে দিয়েছে এবং তার সিট সংখ্যা বাড়িয়ে দিয়েছে, এবারেও তাই হবে তখন কিন্তু আবার হাতে পায়ে ধরে দলে ফিরতে আসবেন না। কারণ তখন আমরা চাপে পড়ে যাব আবার তো আপনাদের জন্য জায়গা ঠিক করতে হবে। যারা দল পরিবর্তন করবেন তারা চলে যান, এমনটাই মন্তব্য করলেন তৃণমূল নেত্রী দোলা সেন।

