পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৯ ডিসেম্বর: হিলিতে অতিসক্রিয় গোরু পাচার চক্র! সীমান্ত লাগোয়া এলাকার হাইড্রেন থেকে উদ্ধার হরিয়ানার গোরু, পলাতক পাচারকারীরা। শুক্রবার সকাল থেকে এই ঘটনাকে ঘিরে তুমুল হইচই পরিস্থিতি তৈরি হয় দক্ষিণ দিনাজপুর জেলার বাংলাদেশ সীমান্ত লাগোয়া হিলি ব্লকের ত্রিমোহিনী এলাকায়।
আজ সকালে হাইড্রেনে একটি মৃত গরু পড়ে থাকতে দেখেন এলাকার মানুষ। খবর পেয়ে সেখানে পৌছে বিশালাকৃতির ওই গোরুটি উদ্ধার করে ঘটনার তদন্তে নামে হিলি থানার পুলিশ। তাদের দাবি, হাইড্রেনে পড়ে থাকা গোরুটি এরাজ্যের নয়। তাদের অনুমান হরিয়ানার গরু। পাচারকারীরা হরিয়ানা থেকে গোরু নিয়ে এসে রাতের অন্ধকারে সীমান্ত পার করছিল। পাচারের আগে দল থেকে ওই গোরুটি হাইড্রেনে পড়ে যায়। যাকে উদ্ধার করা অসম্ভব ভেবে, ফেলে পালিয়ে গেছে গোরু পাচারকারীরা।
হরিয়ানার গোরু রাতের অন্ধকারে কীভাবে সীমান্ত এলাকায় এসে পৌঁছালো তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে গোরু পাচার করবার সময় পাচারকারীদের অসাবধনতার কারনে যে এই ঘটনা ঘটেছে, তা একপ্রকার নিশ্চিত করেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা সুজন ঘোষ ও অনিল মহন্তরা বলেন, রাতের অন্ধকারে গোরু পাচার করবার সময়ই এই ঘটনা ঘটেছে।

