সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৩১ আগস্ট: অবশেষে জেলা জুড়ে গরু চুরি চক্র পুলিশের জালে। গতকাল রাতে মেদিনীপুরের ডেবরায় এই দুষ্কৃতী
চক্রকে হাতে নাতে ধরে ফেলে বাঁকুড়া পুলিশের একটি দল। এই দুষ্কৃতী চক্রের ছ’জনকে গ্ৰেপ্তার করে আজ তাদের আদালতে পেশ করা হবে।
ঘটনার বিবরণে প্রকাশ গত প্রায় একমাস জুড়ে বাঁকুড়া সদর থানা সহ ছাতনা, কোতুলপুর থানা এলাকায় গরু চুরির হিড়িক পড়ে। গৃহস্তের বাড়ি, গোয়ালঘর থেকে রাতের অন্ধকারে গরু গুলিকে দুষ্কৃতী চক্র মাল পরিবহনের ছোট গাড়িতে চাপিয়ে নিয়ে পালিয়ে যায়। গরুগুলিকে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে বিক্রি করা হত।
জেলাজুড়ে ব্যাপক হারে গরু চুরি হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।ননড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। গরু চুরি রুখতে এবং এই কাজে লিপ্তদের ধরতে ডিএসপি ডিএন্ডটি’র নেতৃত্বে ওই তিন থানার আইসি এবং ওসি’দের নিয়ে একটি বিশেষ টিম গঠন করা হয়। এই টিম তদন্তে নেমেই মাত্র দশদিনের মাথায় সোর্স ও অত্যাধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে পুলিশ এই দুষ্কৃতি চক্রের চাঁই’দের ধরে ফেলে। দুষ্কৃতীদের জেরায় জানা গেছে, তারা দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপরের অধিবাসী। রাত বারোটার পর এরা অপারেশনে নামে।৫/৬ জনের দল ছোট মাল পরিবহনের গাড়ি নিয়ে বাঁকুড়া, মেদীনীপুর, হুগলির প্রত্যন্ত গ্ৰামে গিয়ে চুপিসারে গরু বের করে নিয়ে লরিতে চাপিয়ে পালাতো।
প্রতিদিনের মতোই গতকালও দুষ্কৃতীরা তাদের অভিযানে বের হয়। এদিকে ওৎ পেতে ছিল পুলিশের বিশেষ
দলটি। গোপনসূত্রে খবর পেয়ে দলটি হানা দেয় পশ্চিম মেদীনীপুরের ডেবরা থানার বালিচকে।সেখানেই হাতেনাতে ধরা পড়ে দুষ্কৃতি দলটি। দুষ্কৃতি দলের ছ’জনকে গ্ৰেফতার করে আজ তাদের বাঁকুড়া আদালতে পেশ করা হয়।

