গোহত্যা নিষিদ্ধ, ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবি নিয়ে এবার রাজ্যের পঞ্চায়েত ভোটের ময়দানে হিন্দু মহাসভা

আমাদের ভারত, ৯ জুন: তাদের লক্ষ্য ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা, গোহত্যা নিষিদ্ধ করা, গান্ধীর বদলে নেতাজির মুখাবয়ব ভারতীয় মুদ্রার মধ্যে আনা। এই সব দাবি নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই করছে হিন্দু মহাসভা। এবার সেই হিন্দু মহাসভা রাজ্যের পঞ্চায়েত ভোটের ময়দানে নামতে চলেছে বলে রাজ্যের একটি সংবাদপত্রের প্রতিবেদনে উঠে এসেছে।

রাজ্যের পঞ্চায়েত ভোটের দামামা বেজে গেছে। ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশন নির্ঘন্ট ঘোষণা করেছে পঞ্চায়েত নির্বাচনের। ৮ জুলাই ভোট হতে চলেছে রাজ্যের গ্রামে গ্রামে। এর মধ্যেই পঞ্চায়েত ভোটের লড়াইতে নামতে চলেছে হিন্দু মহাসভা। ওই সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী হিন্দু মহাসভার রাজ্য সভাপতি হিসেবে দাবি করা চন্দ্রচূড় গোস্বামী বলেছেন, “আমরাই প্রকৃত হিন্দুবাদী দল।” তার কথায় তারা যেমন প্রকৃত হিন্দুবাদী বিজেপি তা নয়। পঞ্চায়েত ভোটে হিন্দু মহাসভার অংশগ্রহণ করার ব্যাপারে রীতিমতো অগ্রণী ভূমিকায় রয়েছেন তিনি।

প্রতিবেদন অনুযায়ী এই দলের তরফে প্রকৃত হিন্দুরা প্রার্থী পদ পাবেন তাদের দলের তরফে। চন্দ্রচূড় বলেছেন, “কংগ্রেস, সিপিএম, তৃণমূল, বিজেপি যে কোনো দলের কর্মী হোক না কেন, সে প্রকৃত হিন্দু হলেই প্রার্থী হতে পারেন হিন্দু মহাসভার।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২২ -এর দুর্গাপুজোর সময় হিন্দু মহাসভা কলকাতার কসবা এলাকায় একটি পুজোর আয়োজন করেছিল। হিন্দু মহাসভার সেই পুজোতে একচালার দুর্গা মূর্তিতে অসুরের মুখের জায়গায় গান্ধীজীর মুখ বসানো হয়েছিল। আর তা নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ছুটে গিয়েছিল। এবার সেই হিন্দু সভাই পঞ্চায়েত ভোটের ময়দানে নামতে চলেছে।

রাজ্যের হিন্দু ভোটকেই টার্গেট করেছে হিন্দু মহাসভা। চন্দ্রচূড় গোস্বামীর কথায়, ইতিমধ্যেই তাদের সাথে অনেকেই যোগাযোগ করেছেন প্রার্থী পদের জন্য। এর আগে ২০২১ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন চন্দ্রচূড় গোস্বামী। সেই সময় নির্দল হিসেবে তিনি দাঁড়িয়ে ছিলেন। সেই ভোটের লড়াইয়ে ময়দানে ছিল না হিন্দু মহাসভা। কিন্তু ২০২৩- এর পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ভোটে হিন্দু মহাসভা অবতীর্ণ হতে চলেছে বলে দাবি করেছেন চন্দ্রচূড় গোস্বামী।

এই চন্দ্রচূড় একসময় বিজেপির কর্মী ছিল বলে শোনা যাচ্ছে। কিন্তু সেই অধ্যায়কে পিছনে ফেলে এবার হিন্দু মহাসভার হাত ধরে ভোটে নামতে চলেছেন তিনি। পঞ্চায়েত ভোটেও তার লক্ষ্য গো হত্যা নিষিদ্ধ, ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা, ভারতীয় মুদ্রা থেকে গান্ধীর মুখ সরিয়ে নেতাজী মুক্ত আনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *