আমাদের ভারত, ২১ এপ্রিল:পয়লা মে থেকে ১৮ বছরের ঊর্ধ্বে সবাইকে করোনা টিকা দেওয়ার কথা ইতিমধ্যেই ঘোষণা করেছে কেন্দ্র সরকার। এরপরই সেরাম ইনস্টিটিউট জানিয়ে দিলো তারা রাজ্যগুলিকে ডোজ প্রতি ৪০০ টাকায় কোভিশিল্ড টিকা বিক্রি করবে। তবে কেন্দ্র তা পাবে আগের নির্ধারিত মূল্যেই। অর্থাৎ কেন্দ্রকে ডোজ প্রতি দেড়শ টাকাতেই টিকা বিক্রি করবে তারা। অন্যদিকে বেসরকারি হাসপাতালগুলোতে ৬০০ টাকায় প্রতি ডোজ টিকা কিনতে হবে।
সেরাম ইনস্টিটিউট দাবি করেছে বিদেশে যে দামে তারা টিকা বিক্রি করছে তার থেকে অনেক কম দামে তারা টিকা দিচ্ছেন এখানে। বিদেশে প্রতি ডোজ টিকার দাম সাড়ে সাতশো থেকে দেড় হাজার টাকা।
কেন্দ্র সরকারের নয়া নীতি অনুযায়ী টিকার অর্ধেক ডোজ কেন্দ্রের জন্য মজুত রেখে বাকি অর্ধেক রাজ্য ও বেসরকারি হাসপাতালে মধ্যে ভাগ করে দিতে হবে। ১৮ বছরের ঊর্ধ্বে টিকাকরণ শুরু হলে দিনে প্রায় ১২ লক্ষ অতিরিক্ত ডোজ প্রয়োজন হবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই অনেক রাজ্যে টিকার ঘাটতির অভিযোগ করেছে।
ভারতের দুটি টিকা প্রস্তুতকারী সংস্থা সেরাম ইনস্টিটিউট ও ভারত বায়োটেককে সাড়ে চার হাজার কোটি টাকা অনুদান দেবে বলে জানিয়েছে কেন্দ্র। তারপরেই সেরাম জানিয়েছে টিকা উৎপাদনে গতি তারা বাড়াবেন। মে মাসের মধ্যেই ১৫-২০ শতাংশ অতিরিক্ত ডোজ বাজারে চলে আসবে বলে জানিয়েছেন সেরাম কর্তা আদর পুনা ওয়ালা।

