আমাদের ভারত, ২৭ ফেব্রুয়ারি:বেসরকারি হাসপাতালে করোনা ভ্যাকসিন নিলে খরচ পড়বে ডোজ প্রতি ২৫০ টাকা। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়, কোনব্যক্তি যদি কোন বেসরকারি হাসপাতালে গিয়ে করোনার টিকা নেন তাহলে ডোজ পিছু তাকে ২৫০ টাকা ব্যয় করতে হবে।
১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে করোনার টিকাকরন শুরু হয়েছিল। প্রথম ধাপে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী ও স্যানিটাইজেশন কর্মীদের টিকাকরণ হয়। দ্বিতীয় পর্যায় পুলিশ প্রশাসন সহ করোনার প্রথম সারির যোদ্ধাদের টিকাকরণ হয়। ১ মার্চ মাস থেকে তৃতীয় দফার টিকাকরণ হবে। এই পর্যায়ে ৬০বছরের বেশি বয়স্ক এবং ৪৫-৬০ বছরের মধ্যে কমোবির্ডিটিতে ভোগা মানুষকেও টিকাকরণের আওতায় আনা হবে বলে জানিয়েছে সরকার। এই পর্যায়ে ২৭ কোটি মানুষকে টিকা দেওয়া হবে। সরকারি কেন্দ্রগুলি থেকে বিনামূল্যে টিকাকরণ চলবে। তবে বেসরকারি হাসপাতালে থেকে টিকা নিতে গেলে খরচ করতে হবে ২৫০ টাকা। সরকারের নির্দেশ টিকার ডোজ পিছু এর বেশি দাম নেওয়া যাবে না।
যে সফটওয়্যারের মাধ্যমে দেশের নানা অঞ্চলের ভ্যাকসিন দেওয়ার কাজ সমন্বয় সাধন করা হচ্ছিল, সেটি আপডেট করার জন্য চলতি সপ্তাহের শেষে টিকাকরণ বন্ধ রাখা হয়েছে। এখনো পর্যন্ত ১কোটি ১৫ লক্ষ মানুষকে টিকা দেওয়া হয়েছে। যত দ্রুত টিকাকরণ করা যাবে বলে আশা করা গিয়েছিল তা সম্ভব হয়নি। শোনা গেছে অনেকেই কোভ্যাক্সিন টিকা নিতে দ্বিধা বোধ করেছেন। যতজন ভ্যাকসিন নিয়েছেন তাদের মধ্যে মাত্র ১১ শতাংশকে দেওয়া হয়েছে কোভ্যাক্সিন।
কিন্তু সরকার চায় আগস্টের মধ্যে ৩০ কোটি মানুষকে টিকা দিতে। ফলে মানুষ যদি ইচ্ছেমতো সেন্টারে গিয়ে টিকা নিতে পারেন তাহলে কোন টিকা নেবেন তাও বেছে নিতে পারবেন। ফলে দ্রুত টিকাকরণ হবে বলে সরকারের ধারণা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, আগে যে স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইন ওয়ার্কারদের বাদ পড়েছেন তারা আগামী পর্যায়ে টিকা নিতে পারবেন। এবার সকলে নিজের ইচ্ছেমত কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন।

