ক্যাপসুল আকারে আসছে করোনার টিকা ওরাভ্যাক্স, ১ম ডোজেই বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা

আমাদের ভারত, ২২ মার্চ: এবার পোলিওর মতো করোনার টিকাও মুখে নেওয়া যাবে। করোনার টিকা এবার ক্যাপসুল এর মতো করে তৈরি করছে ভারতের ওষুধ প্রস্তুতকারী সংস্থা । তাদের দাবি করোনার এই ওরাল ভ্যাকসিনের প্রথম ডোজের পরই রোগ প্রতিরোধে কার্যকারিতার পরিচয় দিয়েছে।

বিশেষজ্ঞদের মতে এর আগেও পোলিও টিকাকরণ এর ক্ষেত্রে ওরাল ভ্যাকসিন উপযোগী বলে প্রমাণ হয়েছে। সেক্ষেত্রে করোনা টিকা ক্যাপসুল আকারে বাজারে এলে টিকাকরণে খরচ তেমন কমবে তেমন সূচের মাধ্যমে সংক্রমণের আশঙ্কাও কমবে বলে মত তাদের।

নতুন এই ভ্যাক্সিনের নাম ওরাভ্যাক্স কোভিড-১৯। এটি তৈরি করেছে ভারতীয় ওষুধ প্রস্তুতকারী সংস্থা প্রেমাস বায়োটেক। টিকার প্রক্রিয়াকরণ থেকে শুরু করে বাজারে আনার জন্য ইতিমধ্যে আমেরিকার ওরামেট ফার্মাসিউটিক্যালস এর সাথে হাত মিলিয়েছেন তারা। এই টিকার কথা শুক্রবারে ঘোষণা করেছে প্রেমাস। সংস্থার তরফে জানানো হয়েছে রোগ প্রতিরোধে যে এই টিকা কার্যকরী তা প্রথম ধাপেই প্রমাণ মিলেছে। যদিও এখনো পর্যন্ত শুধু প্রাণীদেহে পরীক্ষা করা হয়েছে টিকাটি। প্রথম ডোজ নেওয়ার পরেই দেখা গেছে শ্বাসনালী এবং খাদ্যনালীর সংক্রমণের হাত থেকে বাঁচানোর কাজ শুরু করে দিয়েছে এই টিকা। এবছর সেপ্টেম্বর থেকে মানবদেহে এই টিকার প্রভাব পরীক্ষা করা হবে। করোনা বাইরেও বেশ কিছু ভাইরাসের বিরুদ্ধে ত্রিস্তরীয় নিরাপত্তা দেবে এই টিকা বলে দাবি করেছে প্রেমাস।
বিশ্বের সেরা প্রোটিন সরবরাহকারী সংস্থা গুলির মধ্যে অন্যতম আমেরিকার ওরামেট টিকাটি পরবর্তী প্রক্রিয়াকরণের জন্য তাদের সাথে হাত মিলিয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য এরই মধ্যে ভারতের নিজস্ব টিকা প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেক ন্যাজাল ভ্যাকসিন অর্থাৎ নাক দিয়ে নেওয়ার টিকা তৈরি করেছে। উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে এই টিকা তৈরি করা হয়েছে। এই টিকা এরই মধ্যে মানবদেহে পরীক্ষা-নিরীক্ষা কাজ শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *