সাথী দাস, পুরুলিয়া, ২৯ সেপ্টেম্বর: পুরুলিয়া জেলায় কলেজ পড়ুয়াদের কোভিড টিকাকরণ শুরু হল। আজ জেলার বেশ কয়েকটি কলেজে শিবির করে পড়ুয়াদের টিকা দেওয়া শুরু হল। টিকা নেওয়ার জন্য নির্ধারিত দিনে পড়ুয়াদের যোগাযোগ করে জানিয়ে দেয় কলেজ কর্তৃপক্ষ। আজ ঝালদা অচ্ছুরাম মেমোরিয়াল কলেজে টিকাকরণ শুরু হয়। প্রতিটি কলেজকে কোভিড টিকাকরণ কেন্দ্র হিসেবে নথিভুক্ত করা হয়েছে। যার ফলে কলেজের ছাত্র ছাত্রীদের কোভিড টিকা দেওয়ার লক্ষ্য মাত্রা ধার্য হয়েছে। ভ্যাকসিন পেয়ে খুশি কলেজের ছাত্র ছাত্রীরা।

জেলা শাসক রাহুল মজুমদার বলেন, “ক্রমান্বয়ে প্রতিটি কলেজকে এই আওতায় আনা হবে।” প্রসঙ্গত উল্লেখ, পুরুলিয়া শহরে শতকরা ৯৫ শতাংশ টিকাকরণ হলেও জেলার গ্রামাঞ্চলে অনেকটা কম। সেই আঙ্গিকে কলেজ পড়ুয়াদের টিকা দেওয়া কাজ শুরু করেছে স্বাস্থ্য দফতর।


