আমাদের ভারত, ২৬ এপ্রিল:জরুরী ভিত্তিতে ৬-১২ বছর বয়সী শিশুদের করোনা টিকাকরণে ছাড়পত্র দিল সরকার। সরকারি সূত্রে খবর, টিকা এবং ওষুধ নিয়ন্ত্রণকারী সংস্থা ডিসিজিআই জরুরী ভিত্তিতে এই টিকা ব্যবহারে ছাড়পত্র দিয়েছে। খুব তাড়াতাড়ি এই টিকা দেওয়ার কাজ শুরু হবে বলে জানা যাচ্ছে। যদিও কেন্দ্রীয় সরকার কবে থেকে টিকাদান শুরু হবে সেই বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি।
ইতিমধ্যেই বেশ কিছু দেশে আবার করোনার ঢেউ লক্ষ্য করা গেছে। রাজধানী দিল্লি সহ দেশের বিভিন্ন শহরে সংক্রমণ বৃদ্ধির খবর পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতিতে ৬-১২ বছর বয়সীদের টিকাকরণ হলে ওই বয়সের শিশুরাও সংক্রমণ থেকে কিছুটা নিরাপদ হবে বলে মনে করা হচ্ছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় ভারতের ২৪৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। রাজধানীতে একদিনে আক্রান্ত সংখ্যা হাজারের উপরে। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে ১০১২ জন নতুন করে সংক্রমিত হয়েছে। দেশে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ১৫ হাজার ৬৩৬। তথ্য অনুযায়ী ২৪ ঘন্টা ১৩৯৯ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। যদিও এর মধ্যে অসম সরকার আগে মৃত ১৩৪৮ জনের রিপোর্ট জমা দিয়েছে।

