আমাদের ভারত, ২ জানুয়ারি: হু হু করে বাড়ছে পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ। রবিবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান আরো উদ্বেগ বাড়িয়ে দিল। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৬১৫৩। যা শনিবারেও ছিল সাড়ে চার হাজারের মধ্যে। স্বাস্থ্য মহলের মতে প্রায় ৭ মাস পর সর্বোচ্চ সংক্রমণ হলো রবিবার।
একদিন মৃত্যু হয়েছে আটজনের আর করোনার কবল থেকে সুস্থ হয়ে ফিরেছেন ২৪০৭ জন। এই মুহূর্তে রাজ্যে করোনার নয়া ভেরিয়েন্ট ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ১৬। রাজ্য স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৭০৩৮। কলকাতা সংক্রমনের শীর্ষে। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩১৯৪ জন।
কলকাতা বাদ দিলে অন্য কোন জেলায় এখনো পর্যন্ত দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা হাজার পোরোয়নি। সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। এখানে গত ২৪ ঘন্টায় করোনা পজিটিভ হয়েছেন ৯৯৪ জন।
কোভিড গ্রাফের ঊর্ধ্বমুখী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোমবার থেকে রাজ্যের দুই সপ্তাহের জন্য জারি হয়েছে কড়া বিধি নিষেধ। রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত নাইট কারফিউ লাগু হয়েছে রাজ্যজুড়ে। লোকাল ট্রেন ও মেট্রো চলবে ৫০% যাত্রী নিয়ে। অফিসে ৫০% কর্মী উপস্থিতি থাকবে। স্কুল কলেজ বন্ধ করা হয়েছে।

