আমাদের ভারত, ২৮ ফেব্রুয়ারি:গত বছরের শেষ থেকেই নতুন কিছুটা কমতে শুরু করেছিল কোভিড সংক্রমণ। কিন্তু সম্প্রতি আবার দেশের বেশ কিছু রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। কিন্তু এর মধ্যেই করোনামুক্ত রাজ্যের তকমা পেল অরুণাচল প্রদেশ। জানা গেছে উত্তর-পূর্বের এই পাহাড়ি রাজ্যে তিনজন সক্রিয় করোনা রোগী ছিলেন, তারাও সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ এই রাজ্যে এখন একজনও সক্রিয় করোনা রোগী নেই।
এখনও পর্যন্ত অরুণাচল প্রদেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৮৩৬। তাদের মধ্যে ১৬,৭৮০ জন সুস্থ হয়েছেন। গত ২৪ ঘন্টায় এই রাজ্যে একজনও করোনা আক্রান্তের খোঁজ মেলেনি। এখনোও পর্যন্ত এই রাজ্যে করোনায় ৫৬ জনের মৃত্যু হয়েছে। বাকি সবাই করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন।
অরুণাচল প্রদেশে করোনায় সুস্থতার হার ৯৯.৯৬ শতাংশ। এখনো পর্যন্ত সেখানে ৪ লক্ষ ৫৬ হাজার ৪৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে। শনিবারেও ৩১২ জনের নমুনা পরীক্ষা হয়েছে।
অরুণাচল প্রদেশের স্টেট ইমিউনাইজেশন অফিসার পারুং জানিয়েছেন, তাদের রাজ্যে ৩২ হাজার ৩২৫ জন স্বাস্থ্য কর্মী ও প্রথম সারির করোনা যোদ্ধাদের টিকাকরণ হয়েছে। সপ্তাহে চারদিন অরুণাচল প্রদেশ করোনার টিকা দেওয়ার কাজ চলছে।

