সাথী দাস, পুরুলিয়া, ১৫ এপ্রিল: পুরুলিয়া জেলাজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। রাজ্যের প্রান্তিক জেলা পুরুলিয়ায় একেবারে ভয়ঙ্কর আকার নিচ্ছে করোনা। আক্রান্তের সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে জেলায়। আর তাই, করোনা সংক্রমণ ঠেকাতে তৎপর হয়ে উঠেছে পুরুলিয়া জেলা পুলিশ প্রশাসন থেকে স্বাস্থ্য দফতর।

বাংলা নববর্ষের প্রথম দিনই একেবারে রাস্তায় নেমে সাধারণ মানুষকে বারে বারে সচেতন করছেন জেলাশাসক অভিজিৎ মুখোপাধ্যায়, জেলা পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ অনিল কুমার দত্ত সহ পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকরা। মাস্ক না পরে রাস্তায় বেরলেই কড়া ধমক দিচ্ছে পুলিশ। শাস্তি হিসেবে অস্থায়ী করোনা পরীক্ষা কেন্দ্রে কোভিড পরীক্ষা করানো হচ্ছে তৎক্ষণাৎ। রাস্তায় রাস্তায় প্যাসেঞ্জার বাস দাঁড় করিয়ে মাস্ক পরার জন্য সাধারণ মানুষকে অনুরোধ করেন খোদ জেলা পুলিশ সুপার। সকলকে মাস্কও বিতরণ করা হচ্ছে।

জেলাশাসক জানান, “কোভিড পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য অভিযান চলছে। পথ চলতি মানুষকে সচেতন করার উদ্যোগ নেওয়া হচ্ছে।”

