জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৫ মার্চ: মঙ্গলবার সকালে দাসপুরে এক দম্পতির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়ির শোয়ার ঘরে পড়ে থাকা নিথর দেহ দুটি পুলিশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে।
পুলিশ সূত্রে জানাগেছে, মৃত দম্পতিরা দাসপুর থানার রামচন্দ্রপুর গ্রামের মণ্ডল পরিবারের মোহন মন্ডল (৫২) ও তাঁর স্ত্রী রিতা মন্ডল (৪২)। মৃত দম্পতির একমাত্র ছেলে
অরূপ মন্ডল জানান, সোমবার রাতে একসঙ্গে সবাই খাওয়া-দাওয়া করে ঘুমোতে যাই। তবে নতুন বাড়ির ছাদ ঢালাই করা নিয়ে বাবা মায়ের সাথে মাঝে মধ্যেই তার ঝামেলা হত। কাল রাতেও মনোমালিন্য হয়। অরূপ মুর্শিদাবাদে কাজ করেন। দুদিন আগে সে বাড়ি ফিরেছে। মন্ডল দম্পতির এভাবে এক সাথে মৃত্যু মেনে নিতে পারছেন না পাড়া প্রতিবেশীরা।
ছেলে অরূপ জানিয়েছে, বাবা মা বিষ খেয়ে একসঙ্গে আত্মঘাতী হয়েছেন। সমস্ত বিষয় তদন্ত করে দেখা হচ্ছে বলে দাসপুর থানার পুলিশ জানিয়েছে।

