ভালোবেসে করা বিয়ে, বাড়ি থেকে না মানায় সিঙ্গুরে আত্মঘাতী যুগল

আমাদের ভারত, হুগলি, ১৪ জুন: ভালোবেসে করা বিয়ে, বাড়ি থেকে না মানায় আত্মঘাতী হল যুগল। মঙ্গলবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সিঙ্গুরের বাগডাঙা ছিনামোর জিপির দাইপুকুর গ্রামে। মৃতদের নাম যথাক্রমে রাহুল পোড়েল (১৯) ও সঙ্গীতা পোড়েল।

সূত্রের খবর, সঙ্গীতা নাবালিকা। রাহুলের বাড়ি দাইপুকুর গ্রামে। সঙ্গীতার বাড়ি কালিয়ারা গ্রামে। এহেন যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মৃতদেহ উদ্ধারে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে সিঙ্গুর থানার পুলিশ।

গ্রামবাসীদের অভিযোগ, দু’জনকে মেয়ের পরিবার মেরে ঝুলিয়ে দিয়েছেন। দোষীদের গ্রেফতারের দাবি তুলেছেন তাঁরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেড় বছর আগে দু’জনে ভালবেসে বিয়ে করেছিল। নাবালিকা মেয়ের বিয়ে মেনে নিতে পারেনি সঙ্গীতার পরিবার। এই নিয়ে অশান্তি ছিল। মেয়েকে নিয়ে চলে গিয়েছিলেন মেয়ের বাবা-মা। তারপরেও রাহুলের বাড়ি চলে আসত সঙ্গীতা।

এরপর সঙ্গীতাকে হোমে পাঠিয়ে দেওয়া হয়েছিল। দিন কয়েক আগে হোম থেকে বাড়ি ফিরে আবার রাহুলের সঙ্গে যোগাযোগ করেন সঙ্গীতা। দু’দিন ধরে তাঁরা বেপাত্তা হয়ে যান। সঙ্গীতার পরিবার রাহুলের বিরুদ্ধে সিঙ্গুর থানায় অভিযোগ করে। সোমবার পুলিশ রাহুলের পরিবারকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করেন। মঙ্গলবার সকালে দাইপুকুর গ্রামের একটি মাচায় ওড়না পেঁচিয়ে দু’জনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। খবর পেয়ে সিঙ্গুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্যে পাঠিয়ে দেয়। পুলিশ জানিয়েছে গোটা ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *