মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, দুর্গাপুরে ধৃত দম্পতি

জয় লাহা, দুর্গাপুর, ৩১ জুলাই: তাপবিদ্যুৎ কেন্দ্রে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। অনলাইনে ভুয়ো পোর্টাল খুলে মেজিয়া থার্মাল পাওয়ার স্টেশনে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকা থেকে গ্রেফতার দম্পতি।

পুলিশ সুত্রে জানা গেছে, অভিযুক্ত মহিলা অনামিকা মুখার্জি দাসকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক এবং তার স্বামী অভিযুক্ত তাপস দাস অসুস্থ হওয়ায় চিকিৎসার জন্য তাকে বর্ধমানে নিয়ে যাওয়া হয়।

ঘটনায় জানাগেছে,  মূলত বাঁকুড়া এবং হুগলির আরামবাগের যুবকদের থেকে ওই তাপবিদ্যুৎ কেন্দ্রে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ ওঠে ওই দম্পতির বিরুদ্ধে। মেজিয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের অধীনস্থ ক্যানেলের চতুর্দিকে অস্থায়ীভাবে কাজও দেওয়া হয়। এমনকি অনামিকা মুখার্জি দাসের অ্যাকাউন্ট থেকে কিছুদিন বেতনও দেওয়া হয়।

তারপর স্থায়ী চাকরি দেওয়ার দাবি করে অভিযুক্তরা। কারও কাছে তিন লাখ টাকা, আবার কারও কাছে ৪ লাখ টাকা, আবার কারও কাছে পাঁচ লক্ষ টাকা করে নেওয়া হয়েছে বলে অভিযোগ। দুর্গাপুরের রাঙ্গামাটি সংলগ্ন এলাকায় অফিস খুলেও বসেছিল অভিযুক্ত তাপস দাস এবং অভিযুক্ত অনামিকা মুখার্জি দাস। আরামবাগের এক চাকরি প্রার্থী দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে কমিশনারেট পুলিশ। তদন্তের ভিত্তিতে শনিবার রাতে বিধান নগর থেকে গ্রেফতার হয় দুই অভিযুক্ত। রবিবার অনামিকা মুখার্জি দাসকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তার জামিন খারিজ করে ৮ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন। এবং তার স্বামী তাপস দাস অসুস্থ হওয়ায় তাকে বর্ধমানের নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।

পুলিশ জানিয়েছে, “ধৃত  অনামিকা মুখার্জি দাসকে আদালতে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *