ভাইস চেয়ারম্যানের পদ না মেলায় দলীয় নেতৃত্বের বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ, পদত্যাগের হুঁশিয়ারি কালিয়াগঞ্জ পুরসভার কাউন্সিলরের

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৬ মার্চ: ভাইস চেয়ারম্যানের পদ না মেলায় দলীয় নেতৃত্বের বিরুদ্ধে আর্থিক লেনদেনের মতো গুরুতর অভিযোগ তুলে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন উত্তর দিনাজপুরের সদ্য গঠিত কালিয়াগঞ্জ পুরসভার ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর বসন্ত রায়। বসন্তবাবু দীর্ঘদিন ধরে ওই ওয়ার্ডের কাউন্সিলর রয়েছেন। ছিলেন দু’ দুবার ভাইস চেয়ারম্যানও৷ অথচ এবারের পুর নির্বাচনে তৃণমূল কংগ্রেস থেকে প্রথমে দলের টিকিটই তাঁকে দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ। পরে টিকিট দিলেও ১৭ নং ওয়ার্ডে থেকে জয়লাভ করেন তিনি৷ এনিয়ে প্রায় ৬ বার কাউন্সিলর পদে ভোটে জিতলেন বসন্ত রায়।

অন্যদিকে পুরবোর্ড গঠনের আগেই পুনরায় তাঁকে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার দাবি উঠছিল দলের এক অংশের তরফ থেকে৷ এমনকি একাধিক কাউন্সিলর রাজবংশী সম্প্রদায়ের মুখ বসন্ত রায়কে ভাইস চেয়ারম্যান করার দাবি তুলেছিলেন। কিন্তু শুক্রবার পুরসভায় চেয়ারম্যান পদে রামনিবাস সাহা শপথ নিলেও ঝুলেছিল ভাইস চেয়ারম্যান পদ। অবশেষে শনিবার আচমকাই ভাইস চেয়ারম্যান পদে শপথ নেন ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর ঈশ্বর চন্দ্র রজক৷ আর ঘটনায় দলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন প্রাক্তন ভাইস চেয়ারম্যান বসন্ত রায়৷ তার অভিযোগ, ভাইস চেয়ারম্যান পদটি নিয়ে মোটা অঙ্কের আর্থিক লেনদেন হয়েছে। ফলে আগামীদিনে শুধু কাউন্সিলর পদেই না, দল থেকেই পদত্যাগ করতে পারেন তিনি৷ অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদ না মেলায় ক্ষোভ প্রকাশ করেন পুরসভার আরেক কাউন্সিলর ৬ নং ওয়ার্ডের জয়া বর্মন দেবশর্মা৷ তিনিও এদিন ক্যামেরার সামনে ভাইস চেয়ারম্যান পদে কোনো মহিলা কাউন্সিলরকে বসানোর দাবি তোলেন৷

যদিও তৃণমূলের রাজ্য সম্পাদক অসীম ঘোষ এদিন সমস্ত অভিযোগ নস্যাৎ করে বলেন, ভাইস চেয়ারম্যান কে হবেন তা ঠিক করে দিয়েছে দলনেত্রী। রাজ্য নেতৃত্বের নির্দেশেই ভাইস চেয়ারম্যান পদে আজকে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। এখানে জেলা বা স্থানীয় কমিটির কোনো ভূমিকা নেই। তৃণমূল জাতপাতের রাজনীতি করে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *