পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২০ অক্টোবর: মহিলা পরিচালিত সমবায় সমিতির চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন কাউন্সিলর মৌ রায়। শারদীয়ার পঞ্চমী তিথিতে পশ্চিম মেদিনীপুর জেলার মহিলা পরিচালিত সমবায় সমিতির নির্বাচিত সদস্যদের সর্ব সম্মতিক্রমে চেয়ারম্যান পদে নির্বাচিত হন মেদিনীপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মৌ রায়, ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন রমলা মুর্মু এবং সম্পাদক পদে মোনালিসা পাল। চলতি বছরের আগস্টে সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন হয়। ২৬টি আসনের মধ্যে ১৩টি আসনে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীরা। গত আগস্টের ২৭ তারিখ রবিবার নির্বাচনে বাকি ১৩টি আসনেও বিপুল ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীরা।
চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে মৌ রায় জানান, বামফ্রন্ট এই ব্যাঙ্কের পরিচালক মন্ডলীতে থাকার সময় ১২ কোটি টাকার ঋণ দীর্ঘদিন ধরেই অনাদায়ী হয়ে রয়েছে। ব্যাঙ্কটিকে তারা রুগ্ন করে দিয়েছে। তৃণমূল মহিলা পরিচালিত এই ব্যাঙ্কটিকে নতুন করে ঢেলে সাজাবে। রাজ্য সরকারের কাছে সহযোগিতা চাওয়া হবে। তাছাড়া তিনি আরো বলেন যে, সম্পূর্ণ স্বচ্ছ্বতার সঙ্গে আমরা সবাইকে নিয়ে এই সমবায় সমিতি পরিচালনা করবো।

