ঝালদায় কাউন্সিলর খুনের তদন্ত, সিটের জেরার মুখে প্রাক্তন তৃণমূল পুরপ্রধান

সাথী দাস, পুরুলিয়া, ২১ মার্চ: কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর খুনের ঘটনার তদন্তের জন্য তৃণমূল পরিচালিত ঝালদা পৌরসভার প্রাক্তন পুরপ্রধান প্রদীপ কর্মকারকে জিজ্ঞাসাবাদ করল সিট। আজ পুরুলিয়ার মফস্বল থানার ‘ক্ষণিকা’ অতিথি নিবাসে ঝালদা গুলি কাণ্ডের ঘটনায় এখানে সিটের আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেন তাঁকে। টানা দু’ঘন্টারও বেশিক্ষণ ধরে তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন বিশেষ তদন্তকারি দলের সদস্যরা। দেখা গিয়েছে জেলা পুলিশ সুপার এস সিলভামুরগণকেও একাধিকবার যাতায়াত করতে। তার আগে দুপুরে নিহত তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দুকে সিট জিজ্ঞাসাবাদ করে। ঝালদায় নয়, পুরুলিয়া শহরের মফঃস্বল থানা চত্বরে অবস্থিত পুলিশের অতিথি নিবাস ক্ষণিকায় মিঠুনকে জিজ্ঞাসাবাদ করেন সিটের সদস্যরা। বাড়ির আত্মীয় স্বজন ও তাঁদের ব্যবসা নিয়ে নানা খুঁটিনাটি বিষয় নিয়ে সিটের সদস্যরা মিঠুনকে জিজ্ঞাসাবাদ করেন বলে জানান।

তবে মিঠুন ফের জানান, “অভিযুক্ত আইসি বহাল থেকে তদন্ত হয় কী করে? ঘাটনার ৯ দিন পরও পুলিশের তদন্তে ইতিবাচক দিক নেই। সিবিআই তদন্তই চাই আমরা।” একই জায়গায় দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় মিঠুনের সঙ্গে ফোনে কথপোকথন করা কয়েকজনকে।

এদিন সন্ধ্যায় ক্ষণিকা থেকে বেরিয়ে খানিকটা বিধ্বস্থ ও বিব্রত লাগছিল প্রাক্তন পুরপ্রধান প্রদীপ কর্মকারকে। সংবাদ মাধ্যমের কাছে তিনি বলেন, “সব ঠিক আছে। কোনও ব্যাপার নেই।”

খুনের কিনারা করতে বিশেষ তদন্তকারী দল যথেষ্ট তৎপর হলেও খুব একটা সাফল্য তাদের ঝুলিতে নেই। তদন্তের গতি প্রকৃতির দিকে নজর রেখেছেন ঝালদাবাসী। আজ সিবিআই তদন্তের দাবিতে অনড় ঝালদাবাসী একটি মিছিল করেন। মিছিলে স্লোগান তোলেন মহিলারাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *