জয় লাহা, দুর্গাপুর, ৬ এপ্রিল: ‘প্রথম দু’দফাতে ভোট লুটতো দুরঅস্ত। দাঁতও ফোটাতে পারেনি। তাই তৃতীয় দফায় মরিয়া প্রচেষ্টা করেছে তৃণমূল।” মঙ্গলবার তৃতীয় দফা নির্বাচনে বিজেপি কর্মী ও প্রার্থীদের ওপর আক্রমণ প্রসঙ্গে বীরভুম থেকে ফেরার পথে দুর্গাপুরে একথা বললেন বাঁকুড়ার বিজেপি সাংসদ ডাঃ সুভাষ সরকার।
মঙ্গলবার রাজ্যের ৩১টি বিধানসভা আসনে ছিল তৃতীয় দফার ভোটগ্রহন। এদিনও কয়েকটি জায়গায় বিজেপি প্রার্থী ও কর্মীদের ওপর আক্রমণের অভিযোগ ওঠে। তাছাড়াও গত কয়েকদিন ধরে প্রচারে গিয়ে হামলার শিকার হয়েছেন গলসী, আউশগ্রাম সহ বেশ কিছু কেন্দ্রের বিজেপি প্রার্থী। এদিন বীরভূমে নির্বাচনী প্রচার সেরে বাঁকুড়ায় ফিরছিলেন সাংসদ সুভাষ সরকার। দুর্গাপুরে দলীয়কর্মীদের সঙ্গে সাক্ষাতের জন্য দাঁড়িয়েছিলেন। এদিনের নির্বাচনে হিংসার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, “ইভিএম, ভিভিপ্যাড পাওয়া যাচ্ছে তৃণমূল নেতার বাড়িতে। সেগুলো উদ্ধার হয়েছে। কত’টা ঔদ্ধত্য থাকলে এটা হয়।” তিনি বলেন, “প্রথম দু দফাতে ভোট লুট তো দুরঅস্ত। দাঁতও ফোটাতে পারেনি। তাই তৃতীয় দফায় মরিয়া প্রচেষ্টা করেছে তৃণমূল। বিভিন্ন জায়গায় বিজেপি প্রার্থীদের ওপর আক্রমন করছে। আর মানুষ প্রতিহত করছে।” তিনি বলেন, “তৃণমূল যত হিংসা, আক্রমন করবে, মানুষ বেরিয়ে আসবে। প্রতিহত করবে। প্রতিরোধ করবে। তৃণমূল যা চেষ্টা করার করুক। এবার সরকার গঠন দুরঅস্ত, ১০০ আসন পার করতে পারবে না তৃণমূল।”

