সারদা নারদা থেকেও বড় দুর্নীতি হতে চলেছে পশ্চিমবঙ্গে, আশঙ্কা প্রকাশ করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

আমাদের ভারত, কোচবিহার, ২৬ অক্টোবর: দিনহাটা উপনির্বাচনের প্রচারে গিয়ে একের পর এক তীক্ষ্ণ কটাক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ও সরকারকে বিদ্ধ করেছেন বিজেপি রাজ্য সভাপতি। তাঁর আশঙ্কা বিলেতি মদ নিয়ে রাজ্যে সারদা নারদার থেকেও বড় কেলেঙ্কারি হতে চলেছে এবার। একই সঙ্গে তিনি বিদ্যুতের বিল নিয়েও দুর্নীতির অভিযোগ তুলেছেন।

আজ দিনহাটায় নির্বাচনী প্রচারে তিনি বিদ্যুতের বিল নি বড়সড় দুর্নীতির অভিযোগ তুলেছেন। দুর্নীতির প্রশ্নে অভিযোগের আঙুল তুলে বলেন, “পশ্চিমবঙ্গে বিদ্যুতের বিল কেন এতো বেশি? তৃণমূল ও অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি বিদ্যুৎ বিল থেকে টাকা পায়।” এরপরেই তিনি বলেন, সামনের দিনগুলিতে সারদা নারদার থেকেও বড় দুর্নীতি রাজ্যে হতে চলেছে। বিজেপির রাজ্য সভাপতি বলেন, “পশ্চিমবঙ্গ সরকার বিলেতি মদ বিক্রির জন্য টেন্ডার দিয়েছে। এর আগে রাজ্যের সব মদের ডিস্ট্রিবিউটরশিপ বন্ধ করে দেওয়া হয়। এবার পশ্চিমবঙ্গ সরকার বলেছে, যাদের শেষ তিন বছরের ২০০ কোটির ওপর টার্ন ওভার রয়েছে তাদেরই ডিস্ট্রিবিউটরশিপ দেওয়া হবে। ফলে রাজ্যের কোনও ব্যবসায়ী এতে অংশগ্রহণ করতে পারবে না।” এর জন্য দক্ষিণ ভারতের ব্যবসায়ীকে নির্দিষ্ট করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এর ফলে প্রতি মদের বোতল থেকে তৃণমূল টাকা তুলবে বলে অভিযোগ করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *