আমাদের ভারত, ৬ আগস্ট: বিরোধীদের বিরুদ্ধে
কর্মনাশা সংস্কৃতির ধারক ও বাহক বলে অভিযোগ তুলে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বললেন, এরা এখনো সেই পুরনো সংস্কৃতি ছাড়তে পারেনি। এদের লক্ষ্য একটাই, নিজেরাও কাজ করবো না। কাউকে কাজ করতেও দেবো না। রবিবার ভার্চুয়ালি দেশের ৫০৮টি রেল স্টেশনের আধুনিকীকরণের ভিত্তিপ্রস্থ স্থাপন অনুষ্ঠানে যোগ দিয়ে বিরোধীদের এভাবেই আক্রামণ করলেন প্রধানমন্ত্রী।
ভারতের স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে দেশের ৫০৮টি রেল স্টেশনকে অমৃত ভারত স্টেশন হিসেবে তৈরি করা হবে। মোদীর কথা অনুযায়ী এই রেল স্টেশনগুলো হবে ঐতিহ্য ও আধুনিকতার প্রতীক। সেখানেই দেশের উন্নতির কথা বলতে গিয়ে মোদী টেনে আনেন রাজনীতির বিষয়।
প্রধানমন্ত্রী বলেন, আজ আন্তর্জাতিক দুনিয়ায় ভারতের সম্মান অনেকটাই বেড়েছে। ৩ দশক পর দেশের মানুষ পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে একটি দলকে বেছে নিয়ে দায়িত্ব দিয়েছেন। এখন আমরা আর নেতিবাচক রাজনীতি করছি না। আমরা এখন ইতিবাচক রাজনীতির দিকে এগিয়ে চলেছি।
রেলের অনুষ্ঠানে ইতিবাচক রাজনীতির কথা বলতে গিয়ে তিনি মন্তব্য করেন, “দুর্নীতিগ্রস্থরা ইন্ডিয়া ছাড়ো।” এদিন বিরোধীদের প্রতিবাদের ফলে সংসদ অচল হয়ে যাওয়ার ঘটনাকে আদতে কাজ না করতে দেওয়ার পুরনো কৌশল বলেও কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী। বিরোধীরা যেখানে তাঁকে প্রধানমন্ত্রীত্ব ছাড়তে বলে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে। সেখানে আগেভাগেই প্রধানমন্ত্রী পাল্টা দিয়ে বিরোধীদের দেশ ছাড়তে বললেন।
প্রসঙ্গত মঙ্গলবার লোকসভায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা আনার পরিকল্পনা করেছে বিরোধী জোট ইন্ডিয়া। লোকসভায় বাদল অধিবেশনের বেশ কিছুদিন আগে থেকেই উত্তপ্ত মণিপুর। মণিপুরে দুই মহিলাকে নগ্ন করে রাস্তায় হাঁটানোর বিষয়ে উত্তাল হয়েছে দেশ সহ সংসদ। বিরোধীরা মণিপুর নিয়ে মোদীর ব্যাখ্যা দাবি করেছেন। কিন্তু মোদী বাইরে এই নিয়ে কথা বললেও সংসদে কোনো আলোচনা করেননি। মণিপুর নিয়ে সংসদে প্রধানমন্ত্রীকে বক্তব্য পেশ করার জন্যই বিরোধিরা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার পরিকল্পনা করেন। কিন্তু এই প্রস্তাব আনার আগে রবিবার বিরোধীদের বিরুদ্ধে আক্রমণ শানালেন মোদী।

