রাজেন রায়, কলকাতা, ৩০ সেপ্টেম্বর: বৃহস্পতিবার নবান্নের তরফে প্রকাশ করা হল করোনার বিধিনিষেধের নতুন বিজ্ঞপ্তি। এতে জানানো হয়েছে, করোনার বিধিনিষেধ ৩০ অক্টোবর পর্যন্ত বজায় থাকবে। তবে পুজোর সময় ১০ থেকে ২০ অক্টোবর পর্যন্ত নাইট কারফিউতে ছাড় দেওয়া হয়েছে।

যে যে বিষয়ে নির্দেশিকা রয়েছে, সেগুলি হল-
৩০ অক্টোবর পর্যন্ত রাজ্যে জারি থাকবে করোনার বিধিনিষেধ। রাত ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত জারি থাকবে নাইট কারফিউ। তবে জরুরি পরিষেবার ক্ষেত্রে বিধিনিষেধে থাকবে শিথিলতা। ১০ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত নাইট কারফিউতে থাকবে বিশেষ ছাড়। আপাতত চলবে না লোকাল ট্রেন। সবাইকে করোনা বিধি মেনে চলতে হবে। শারীরিক এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। মাস্ক, স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সমস্ত অফিস কর্মীদের করোনা বিধি মেনে চলা আবশ্যিক।
নির্দিষ্ট সময় অন্তর অফিস স্যানিটাইজ করতে হবে।
সমস্ত কর্মীদের টিকাকরণের কাজ সম্পন্ন করতে হবে।
বিধিনিষেধ ভাঙলে স্থানীয় প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
যদিও এই বিধিনিষেধ যতটা আছে, তার উল্টো ছবিই দেখা গিয়েছে এই রাজ্যে। শেষ দু-মাসে টিকাকরণের কারণে করোনার প্রকোপ কমে গিয়েছে। কিন্তু পুজোর মরসুমে সাবধানতা অবলম্ব বাঞ্ছনীয়। রাজ্যে এখনই বিধিনিষেধ উঠে যাচ্ছে না, তাই সাবধনতা অবলম্বন করার বার্তাই এদিন দেওয়া হয়েছে। তবে পুজোর আবহে কতটা বজায় থাকবে করোনা বিধি সেটাই এখন বড় প্রশ্ন।

