আমাদের ভারত, ২৩ জুন: দিন কয়েক আগেই রাজ্য স্বাস্থ্য দপ্তর ইঙ্গিত দিয়েছিল করোনা বাড়তে পারে। আজ সেই আশঙ্কাই সত্যি করে এক লাফে সংক্রমণ ২৯৫ থেকে ৭০০ পেরিয়ে গেল মাত্র ২৪ ঘন্টায়। বুধবার এরাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২৯৫। আজ তা বেড়ে ৭৪৫। বুধবার দুই জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। তবে আজ এখনো পর্যন্ত মৃত্যুর খবর নেই।
সরকারি বুলেটিন অনুযায়ী, করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী রাজ্যে। পজিটিভিটি রেট ও সংক্রমণের হার বেশি। গতকালই পজিটিভিটি রেট ছিল ৪.৮৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় করোনা ৭% ছাড়িয়েছে।
পরিস্থিতি যে খারাপ হতে চলেছে তার আভাস গত কয়েকদিন ধরেই পাওয়া গেছে। দেশের বাকি রাজ্যের সঙ্গে পাল্লা দিয়ে আক্রান্তের সংখ্যা বেড়েছে পশ্চিমবঙ্গেও। কলকাতা, উত্তর ২৪ পরগনায় নতুন করে সংক্রমণ বাড়ছিল। এরমধ্যে ওমিক্রণের দুই উপপ্রজাতির হদিস মিলেছে।
বছরের শুরুতে করোনার দাপট কমায় করোনা বিদায় নিয়েছে বলে অনেকেই মনে করেছিলেন। ফলে সাধারণ মানুষ মাক্স পড়ার অভ্যাস অনেকটাই কমিয়ে দিয়েছে। রাস্তাঘাটে গণপরিবহনের সঙ্গে যুক্ত একটা বড় অংশের মানুষ মাস্কহীন ভাবেই চলাফেরা করছে। সামাজিক দূরত্ব মেনে চলার ছবি এখন ধরাই পড়ে না। স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন এই কারণেই করোনার গ্রাফ আবারও ঊর্ধ্বমুখী।
করোনা কমতে শুরু করায় বিধিনিষেধের রাশ আলগা করেছিল প্রশাসনও। তবে মাক্স পরা ও সামাজিক দুরত্ব বিধি মেনে চলার নির্দেশ তুলে নেওয়া হয়নি কখনোই। কিন্তু কঠিন করোনা বিধি মানার ক্ষেত্রে রাশ হালকা করা হয়েছিল।
আর সংক্রমণ কমায় মানুষও মাক্স পরা প্রায় বন্ধ করে দিয়েছে। কড়াকড়ি কমে যাওয়ার কারণেই মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বিধি মেনে চলার অভ্যাস প্রায় চলে যেতে বসেছে, আর এর ফলেই সংক্রমণ ঊর্ধ্বমুখী বলে মনে করা হচ্ছে।

