আমাদের ভারত, ব্যারাকপুর, ৩ এপ্রিল: গোটা দেশ ও বাংলায় নতুন করে বাড়ছে কোভিড সংক্রমণ। বলা হচ্ছে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আসতে চলেছে, তবে তার আগে সতর্ক প্রশাসন। কয়েক মাস আগে থেকেই বাংলা জুড়ে শুরু হয়েছে করোনা ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া। শনিবার উত্তর ব্যারাকপুর পৌরসভার প্রশাসক মণ্ডলীর ২ সদস্য সহ পৌরসভার প্রায় ১০০ জন কর্মীকে পৌরসভার সভাকক্ষে করোনা ভ্যাকসিন দেওয়া হল। যাতে পৌরসভার কর্মীরা করোনা আক্রান্ত না হন, সেই কারনে এই ভ্যাকসিন দেওয়া হল উত্তর ব্যারাকপুর পৌরসভার সকল কর্মীদের।

করোনা ভ্যাকসিন দেওয়ার পর প্রত্যেককে স্বাস্থ্য কর্মীরা ৩০ মিনিট বিশেষ পর্যবেক্ষণে রেখে ছিলেন। তারপর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। করোনা ভ্যাকসিন গ্রহণ করা প্রত্যেকেই সুস্থ আছেন বলে জানা গেছে। উত্তর ব্যারাকপুর পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য অভিজিত মজুমদার বলেন, “আজকের দিনে দাঁড়িয়ে উত্তর ব্যারাকপুর পৌরসভার সকল কর্মীদের করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে এটা জেনে ভালো লাগছে। অনেকেই আগে নিয়ে নিয়েছে, অনেকের আবার আজকে দ্বিতীয় ডোজ। আমিও আজ ভ্যাকসিন নিলাম। ভ্যাকসিন নিয়ে কোনও সমস্যা নেই । সকলেই সুস্থ আছেন।”

