জুলাই থেকে বৃদ্ধি পাবে করোনার টিকা উৎপাদন, সুপ্রিম কোর্টে জানালো কেন্দ্রীয় সরকার

আমাদের ভারত, ১১ মে:
জুলাই মাসের মধ্যেই করোনার টিকা উৎপাদন আরোও বাড়বে। হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে একথা জানিয়ে দিল কেন্দ্র। সরকার বলেছে আর্থিক ঝুঁকি নিয়ে এতদিন টিকা উৎপাদন করছিল সেরাম ইনস্টিটিউট ও ভারত বায়োটেক। কিন্তু কেন্দ্র তাদের জন্য এবার আর্থিক বরাদ্দ বাড়িয়েছে। আর এর ফলে জুলাই মাস থেকে উৎপাদন বৃদ্ধি পাবে।

টিকা উৎপাদন কেন কম হচ্ছে তা নিয়ে বাংলা সহ বিভিন্ন রাজ্য প্রশ্ন তুলেছে। আদালতে মামলাও হয়েছে। একাধিক রাজ্য টিকার দাম নিয়েও প্রশ্ন তুলেছে। কেন্দ্রকে টিকার দাম নিয়ে চিন্তা-ভাবনা করার কথা বলেছিল সুপ্রিম কোর্ট।

এই বিষয়ে সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়ে কেন্দ্র জানালো টিকাদান সংক্রান্ত বিষয়ে বিভিন্ন রাজ্য সরকার ও বেসরকারি হাসপাতালের থেকে অনেক বেশি পরিমাণে টিকার বরাত দিয়েছে কেন্দ্র। তাই রাজ্য এবং বেসরকারি হাসপাতালে তুলনায় কম মূল্যে কেন্দ্রকে টিকা দিচ্ছে প্রস্তুতকারী সংস্থাগুলি। এছাড়া সব রাজ্যের কাছ থেকে টিকার সমান দেওয়ান দাম নেওয়া হচ্ছে।

একইসঙ্গে কেন্দ্র জানিয়েছে, টিকা শেষ পর্যন্ত দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে। প্রতিটি রাজ্য সরকার জানিয়েছে টিকার জন্য সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়া হবে না, অর্থাৎ এই দামের ফলে সাধারণ মানুষের কোনও সমস্যা হওয়ার কথা নয়।

হলফনামায় আরও জানানো হয়েছে, দেশে জুলাই মাসের মধ্যে টিকার উৎপাদন আরো বৃদ্ধি করা হবে কারণ এর জন্য অর্থ বরাদ্দ বাড়ানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *